UGC NET June 2026

ইউজিসি নেট-এর প্রথম দিনেই যান্ত্রিক ত্রুটি! বেশ কয়েকজনের পরীক্ষা বাতিল, কবে পুনঃপরীক্ষা?

২২ জুন সকাল ৯টা থেকে শুরু হয়েছে জুন ২০২৬ সেশনের ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)। প্রথম দিনের প্রথম পর্বের পরীক্ষাই বাতিল হয়ে গেল একটি কেন্দ্রের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:৫২
Share:

প্রতীকী ছবি।

শিক্ষা ক্ষেত্রে একের পর এক বিপর্যয়। ইউজি নিট, সিবিএসই-সহ একাধিক সমস্যার বিক্ষোভ বার বার উঠে এসেছে সমাজমাধ্যমে। এ বার ইউজিসি নেট পরীক্ষার্থীরা বিপাকে।

Advertisement

২২ জুন সকাল ৯টা থেকে শুরু হয়েছে জুন ২০২৬ সেশনের ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)। প্রথম দিনের প্রথম পর্বের পরীক্ষাই বাতিল হয়ে গেল একটি কেন্দ্রের। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানানো হয়, টিসিএস ইউজিসি-কে জানিয়েছে, পঞ্জাবের জলন্ধরের একটি নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা দিতে পারেননি অনেক পরীক্ষার্থীই। সিটি গ্রুপ অফ ইনস্টিটিউশন কেন্দ্রে সকালে পরীক্ষা শুরুর আগেই যান্ত্রিক ত্রুটি হয়, যে কারণে প্রথম শিফটের পরীক্ষা অনেকেই দিতে পারলেন না। তাই, যে সকল পরীক্ষার্থী এই সমস্যায় পড়েছেন তাঁদের ফের পরীক্ষা নেওয়া হবে। ইউজিসি-র নয়া বিজ্ঞপ্তিতে এমটাই উল্লেখ করা হয়েছে।

ওই পরীক্ষা ফের ৫ জুলাই হবে। দুপুর ৩টে থেকে শুরু হবে পরীক্ষা। সে জন্য সংগ্রহ করতে হবে নতুন অ্যাডমিট কার্ড-ও। যা ইউজিসি তাঁদের পোর্টালে শীঘ্রই প্রকাশ করবে। তবে এই ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে না, আগের একই পরীক্ষাকেন্দ্র অর্থাৎ সিটি গ্রুপ অফ ইনস্টিটিউশনেই পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত ইউজিসি-র।

Advertisement

উল্লেখ্য, ২২ জুন প্রথম শিফটে ভিসুয়াল আর্টস, মিউজ়ুয়োলজি অ্যান্ড কনজ়ারভেশন, পঞ্জাবি, তামিল, ভূগোল, মরাঠি, সাঁওতালি, এডুকেশন-সহ আরও নানা বিষয় পরীক্ষা হয়েছে। চলতি বছর উত্তর-পূর্বের চারটি রাজ্যের জন্য আরও কেন্দ্র বরাদ্দ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং সিকিম-এ একটি করে পরীক্ষাকেন্দ্র সংযোজন করা হয়েছে। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজিত হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement