UPSC CDS Registration 2026

ভারতীয় সেনায় যোগদানের সুযোগ, কোন শর্তে কারা আবেদন করতে পারবেন?

আগ্রহীরা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এগ্জ়ামিনেশন, নাভাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমি এগ্জ়ামিনেশনের মাধ্যমে সেনায় যোগদানের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৪:০৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতীয় সেনায় স্নাতকদের যোগদানের সুযোগ রয়েছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশেনর তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স অ্যাকাডেমি, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি-র ৪৫১টি শূন্যপদ পূরণের জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এগ্জ়ামিনেশন নেওয়া হবে। এ ছাড়াও ৩৯৪টি শূন্যপদের জন্য নাভাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমি এগ্জ়ামিনেশন হতে চলেছে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

অবিবাহিত পুরুষ এবং মহিলারা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এগ্জ়ামিনেশন দেওয়ার সুযোগ পাবেন। তাঁদের বয়স হতে হবে ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। তবে যাঁদের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স রয়েছে, তাঁদের ক্ষেত্রে বয়সসীমা ২৬ বছর ধার্য করা হয়েছে।

Advertisement

সে ক্ষেত্রে শর্তসাপেক্ষে বিবাহিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের শারীরিক ভাবে সবল এবং দক্ষ হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রার্থীদের বিজ্ঞান, কলা, ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

নাভাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমি এগ্জ়ামিনেশন-এর জন্য বিজ্ঞান বিভাগের বিষয়ে দ্বাদশ উত্তীর্ণেরা সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ১৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে হতে হবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স অ্যাকাডেমির ক্ষেত্রে ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির পরীক্ষা হবে ২০০ নম্বরের। তবে উভয় ক্ষেত্রেই দু’ঘণ্টা করে পরীক্ষা চলবে। পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এবং মেডিক্যাল এগজ়ামিনেশন দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলেই সরাসরি প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের।

নাভাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমি এগ্জ়ামিনেশন-এর বরাদ্দ রয়েছে মোট ৯০০ নম্বর। উভয় ক্ষেত্রেই দু’ঘণ্টা ৩০ মিনিট করে পরীক্ষা চলবে। এ ছাড়াও পরীক্ষায় পাশ করার পর তাঁদের ইন্টারভিউ দিতে হবে। এর পরেই প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে যোগ্যদের।

পরীক্ষার জন্য শুধুমাত্র স্বচ্ছ ক্লিপ বোর্ড এবং কালো কালির পেন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। পরীক্ষার্থীরা মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ঘড়ি, ব্যাগ, বই, ক্যালকুলেটর-সহ কোনও বৈদ্যুতিন সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে উল্লিখিত কোনও সামগ্রী পাওয়া গেলে তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের নিরিখে এক-তৃতীয়াংশ নম্বর বাদ পড়বে।

আবেদন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য:

সংশ্লিষ্ট পরীক্ষাটি দেওয়ার জন্য ২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। পাশাপাশি, ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর) প্রোফাইলের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। প্রার্থীরা ওই প্রোফাইলের তথ্য সংশোধনের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ পাবেন। সংশ্লিষ্ট প্রোফাইলের সাহায্যে প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে ৯ জুন পর্যন্ত।

দেশের বিভিন্ন শহরে বাছাই করা প্রার্থীদের ১৩ সেপ্টেম্বর পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশিকা সম্পর্কে জেনে নিতে প্রার্থীদের ইউপিএসসি-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement