সিবিএসই। ছবি: সংগৃহীত।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির খাতার নম্বর পুনর্মূল্যায়ন এবং ভেরিফিকেশনের জন্য আবেদন করার অফিশিয়াল পোর্টাল ২৯ মে থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু দিন পেরিয়ে গেলেও চালু হল না পোর্টাল। অবশেষে সিবিএসই-র তরফে জানানো হয়, ২৯ মে নয়, ১ জুন খুলবে পোর্টাল।
এক দিকে সমাজমাধ্যম জুড়ে ওএসএম পদ্ধতিতে খাতা দেখা নিয়ে বিরাট অভিযোগের শিকার সিবিএসই। তার মধ্যে নির্ধারিত দিনের মধ্যে পুনর্মূল্যায়নের পোর্টাল চালু না হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে পড়ুয়াদের মধ্যে। বোর্ডের তরফে জানানো হয়, মূল্যায়নের সর্বোচ্চ মানদণ্ড এবং নিয়মাবলি কঠোর ভাবে বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি-ও সমাজমাধ্যমের ওই পোস্টে সিবিএসই উল্লেখ করেছে। জানিয়েছে, এই ফোন নম্বরটি ২৪ ঘণ্টা খোলা। পড়ুয়ারা কোনও রকম সমস্যার কথা ফোন করে জানাতে পারবেন।
উল্লেখ্য, সিবিএসই-র সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী, খাতার স্ক্যানড কপি পাওয়ার জন্য মোট ৪ লক্ষ ৪ হাজার ৩১৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। মোট ১১ লক্ষ ৩১ হাজার ৯৬১টি খাতা দেখার জন্য অনুরোধ এসেছে (যে হেতু এক জন পড়ুয়া একাধিক বিষয়ের খাতার জন্য আবেদন করতে পারে, তাই খাতার সংখ্যাটি আবেদনের সংখ্যার চেয়ে বেশি)। সিবিএসই বোর্ড ইতিমধ্যেই সফল ভাবে ডিজিটালি ৮ লক্ষ ৯৮ হাজার ২১৪টি খাতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে।