IPL 2026

টস নিয়ে নাটক গুজরাত-রাজস্থান ম্যাচে! ম্যাচ রেফারির ভুলে দ্বিতীয় বার হল টস, হেরে গিয়ে রেগে গেলেন শুভমন

শুক্রবার গুজরাত বনাম রাজস্থান ম্যাচের আগে টস নিয়ে হল একপ্রস্থ নাটক। ম্যাচ রেফারির ভুলে দ্বিতীয় বার টস করতে হল। রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। গোটা ঘটনায় খুশি হতে পারেননি শুভমন গিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ২০:০৭
Share:

গুজরাত-রাজস্থান ম্যাচের টসের মুহূর্ত। ছবি: পিটিআই।

শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত বনাম রাজস্থান ম্যাচের আগে টস নিয়ে হল একপ্রস্থ নাটক। ম্যাচ রেফারির ভুলে দ্বিতীয় বার টস করতে হল। জিতে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। তবে গোটা ঘটনায় একেবারেই খুশি হতে পারেননি গুজরাতের অধিনায়ক শুভমন গিল।

Advertisement

টসের সময় কয়েন উপরের দিকে ছুড়ে দিয়েছিলেন শুভমন। রিয়ান ‘হেড’ ডাকেন। কয়েন মাটিতে পড়ার পর দেখা যায়, ‘টেল’ পড়েছে। তবে ম্যাচ রেফারি প্রকাশ ভট্ট জানান, তিনি রিয়ানের গলা শুনতে পাননি। ওই সময় মাঠে প্রচণ্ড চিৎকার হচ্ছিল। তাতেই রিয়ানের স্বর চাপা পড়ে গিয়েছিল। তবে টিভিতে স্পষ্ট শোনা গিয়েছে রিয়ানের গলা।

দ্বিতীয় বার টসের সময়ও রিয়ান ‘হেড’ ডাকেন। ‘হেড’ই পড়ে। অর্থাৎ প্রথম বারের টস স্বীকৃত হলে, ব্যাটিং বা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন শুভমনই। দ্বিতীয় টস রিয়ান জেতায়, তাঁকেই সিদ্ধান্ত নিতে ডাকা হয়। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

Advertisement

শুভমন খুশি হতে পারেননি। তিনি বলেন, “আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। এই পিচে ইতিমধ্যেই ৪০ ওভার খেলা হয়েছে। মনে হয় না খুব একটা বদল হবে পিচে। দুর্ভাগ্যবশত ম্যাচ রেফারি রিয়ানের গলার স্বরই শুনতে পেলেন না।” কথাগুলি বলার সময় যথেষ্ট হতাশ দেখিয়েছে শুভমনকে। তবে এই প্রতিবেদন লেখার সময় সুবিধা গুজরাতেরই। তারা শুরুতেই রাজস্থানের দু’টি উইকেট ফেলে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement