ছবি: এআই সহায়তায় প্রণীত।
কলকাতা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
বেঙ্গল মিউজ়িক কলেজের পারফর্মিং আর্টস অ্যান্ড মিউজ়িক বিভাগে সঙ্গীতে স্নাতকোত্তরের ক্লাস হবে। আসন রয়েছে ৯১টি। পড়ানো হবে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজ়িক, রবীন্দ্র সঙ্গীত এবং অন্য বাংলা গান। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সে দু’টি ভাগে ভাগ করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। প্রথম বিভাগে যাঁরা এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে সঙ্গীত নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য স্নাতকোত্তরে আসন বরাদ্দ করা হবে। দ্বিতীয় বিভাগে ভর্তি নেওয়া হবে চলতি বছর বা তার আগে কলকাতা এবং অন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকে উত্তীর্ণদের। সঙ্গীতের স্নাতকোত্তরের জন্য আবেদন করতে পারবেন সঙ্গীতে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণেরা। সঙ্গীত বিষয়টি স্নাতকে না থাকলেও আবেদন করতে পারবেন পড়ুয়ারা। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
আবেদন করবেন কী ভাবে?
এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।