DElEd Admission

প্রাথমিকে শিক্ষকতার জন্য ডিএলএড আবশ্যক! চালু হল কোর্সে ভর্তির পোর্টাল, কী ভাবে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) কোর্সে ভর্তি হওয়ার শর্ত জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৪:০৭
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

রাজ্যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ জুলাই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ওই কোর্সের ভর্তির আবেদন গ্রহণ করা হবে। এই মর্মে পর্ষদ একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। তাতে ভর্তির শর্তাবলি জানানো হয়েছে।

Advertisement

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য প্রয়োজনীয় ডিএলএড কোর্সের মেয়াদ দু’বছর। পড়ুয়ারা ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এনসিটিই) দ্বারা স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কোর্সটি করতে পারবেন।

কোর্সে ভর্তি হতে আগ্রহীদের দ্বাদশের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ছাড়ও থাকবে।

Advertisement

উচ্চ মাধ্যমিকে ‘বেস্ট ফাইভ’ বা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচটি বিষয়ে ভিত্তিতে শিক্ষার্থীদের বাছাই করা হবে। ওই বিষয়গুলির মধ্যে প্রথম এবং দ্বিতীয় ভাষায় প্রাপ্ত নম্বরকে গ্রাহ্য করা হলেও পরিবেশবিদ্যায় প্রাপ্ত নম্বরকে গ্রাহ্য করা হবে না। এ ক্ষেত্রে কোর্সের পঠনপাঠন বাংলা, হিন্দি, নেপালি কিংবা সাঁওতালি মাধ্যমে করতে পারবেন পড়ুয়ারা। তবে, এ জন্য দ্বাদশে প্রথম ভাষা হিসাবে উল্লিখিত ভাষার মধ্যে যে কোনও একটিতে পাশ করতে হবে। দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি থাকা আবশ্যক।

আগ্রহীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। তাঁদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষার মার্কশিট, ছবি, স্বাক্ষরের মতো নথি জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। ১৭ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত জানতে পর্ষদের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement