Teachers west bengal

শীঘ্রই শিক্ষক নিয়োগ! স্কুলশিক্ষামন্ত্রীর বার্তায় ইঙ্গিত, গণমাধ্যমে মুখ খোলা নিয়েও হুঁশিয়ারি

দীপক বর্মন জানান, স্কুলের পরিকাঠামো যে একেবারেই নেই তা নয়। ফলে পড়াশোনায় মন দিতে হবে। স্কুলগুলির হাল ফেরাতে উদ্যোগী হতে হবে শিক্ষকদেরই। সেখানেই প্রাসঙ্গিক হয়ে প়ড়ে পড়ুয়া-শিক্ষক অনুপাত। কোনও স্কুলে পড়ুয়ার সংখ্যা কম, শিক্ষক উদ্বৃত্ত। আবার কোনও স্কুলে পড়ুয়া আছে, শিক্ষক নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৮:১৯
Share:

স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। ছবি : ফাইল চিত্র।

দ্রুত নিয়োগ হবে স্কুলশিক্ষক পদে। এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন।

Advertisement

মঙ্গলবার বিজেপি শিক্ষক সেলের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্কুলশিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, স্কুলশিক্ষা ব্যবস্থার উন্নতিতে ভূমিকা নিতে হবে শিক্ষকদেরই। তাঁর পরামর্শ, স্কুলের পরিকাঠামো যেমনই হোক না কেন শিক্ষার হাল ফেরাতে উদ্যোগী হতে হবে শিক্ষকদেরই। সবটা ‘উজাড়’ করে পড়াতে হবে ছাত্রছাত্রীদের। প্রাক্তন এই স্কুলশিক্ষকের মন্তব্য, “স্কুলে বেঞ্চ, টেবিল, পাখা এবং আলো সবই আছে। তবে ছাত্র ও শিক্ষকের অনুপাত সঠিক নেই।”

স্কুলশিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন, কোথাও ছাত্র রয়েছে তো শিক্ষক নেই, কোথাও শিক্ষক রয়েছে তো ছাত্র নেই। এই অসামঞ্জস্য ঠিক করতে হবে। এ দিনও শিক্ষকদের সে কথা মনে করিয়ে দেন তিনি। পাশাপাশি শিক্ষক নিয়োগের ইতিবাচক বার্তা দেন তিনি। এমনকি তিনি জানিয়েছেন নিয়োগপরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথাও। তাঁর বক্তব্যে শিক্ষামহলের একাংশ মনে করছে, শীঘ্রই শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে।

Advertisement

মঙ্গলবার দীপক বর্মন জানান, পরিকাঠামো যে একেবারেই নেই, তা নয়। ফলে পড়াশোনায় মন দিতে হবে। স্কুলগুলির হাল ফেরাতে উদ্যোগী হতে হবে শিক্ষকদেরই। সেখানেই প্রাসঙ্গিক হয়ে প়ড়ে পড়ুয়া-শিক্ষক অনুপাত। কোনও স্কুলে পড়ুয়ার সংখ্যা কম, শিক্ষক উদ্বৃত্ত। আবার কোনও স্কুলে পড়ুয়া আছে, শিক্ষক নেই।

তবে, শিক্ষকদের বদলি নিয়ে ভাবনাচিন্তা চলছে, পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। স্কুলে দ্রুত বায়োমেট্রিক উপস্থিতি চালু করার দিকে সরকার এগোচ্ছে বলে শিক্ষকদের জানান মন্ত্রী।

এরই পাশাপাশি তিনি বিজেপি শিক্ষক সেলের শিক্ষকদের উদ্দেশে বলেন, “সরকারের কোনও কাজের সমালোচনা করতে হলে সংগঠনে জানান। সমাজমাধ্যম বা গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে কোনও মন্তব্য করবেন না।” শিক্ষামহলের মত, যে ভাবে বর্তমানে সমাজমাধ্যমে সকলেই সক্রিয় সেখানে সরকারের কোনও কাজের বিরোধিতা করে সরকারকে বিড়ম্বনায় ফেলার প্রয়াসকে প্রথমেই বন্ধ করার জন্য এই মন্তব্য করেছেন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement