— প্রতীকী চিত্র।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সার্বিক ভাবে জাতীয় শিক্ষানীতি ২০২০ কার্যকর হচ্ছে পশ্চিমবঙ্গে। নতুন শিক্ষানীতি কার্যকর হলে শিক্ষাদানের পদ্ধতিও খানিক বদলাতে পারে। তা নিয়ে শিক্ষকদের আরও সচেতন করতে উদ্যোগী হল স্কুলশিক্ষা দফতর।
জানা গিয়েছে, কেন্দ্রের ‘নিষ্ঠা প্রকল্প’ চালু হবে এ রাজ্যেও। শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে ২১ এপ্রিল থেকে এই প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ৩১ অগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের অধিকাংশ প্রকল্প মেনে নেয়নি তৃণমূল সরকার। বিশেষ করে জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর শিক্ষকদের প্রশিক্ষণও প্রয়োজন ছিল। কিন্তু সর্ব ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ আশানুরূপ ছিল না বলেই দাবি।
দফতরের এক কর্তা জানান, রাজ্য সরকারি উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হত। কিন্তু তার প্রভাব কতখানি বাস্তবে পড়ছে, তা বুঝতে ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত সময় কালের প্রশিক্ষিত শিক্ষকদের মধ্যে সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায় অধিকাংশ শিক্ষকেই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে যেমন খুব ভাল জানেন না। লার্নিং আউটকাম সম্পর্কেও ধোঁয়াশা রয়ে গিয়েছে। তাই এ বার শিক্ষকদের তিনটি ধাপে প্রশিক্ষণের ব্যবস্থা করছে দফতর।
প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট’ বা ‘নিষ্ঠা’। এই কোর্স চলবে অনলাইনে। রেজিস্ট্রেশনের লিঙ্কও দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে, পরের ধাপে রয়েছে পেডাগজি এবং সর্বশেষ ধাপে রয়েছে বিষয়ভিত্তিক।
বর্তমানে এই প্রশিক্ষণ বাধ্যতামূলক না করা হলেও পরবর্তী ক্ষেত্রে এই প্রশিক্ষণের শংসাপত্র বাড়তি সুবিধা দেবে বলেই মত ওই কর্তার। রাজ্যে পালা বদলের পরে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য সরকার। শিক্ষকদের প্রশিক্ষণের পরে বাস্তবে তা প্রয়োগ করতে নতুন কোনও কর্মসূচি নেওয়া হয় কিনা সেটাও ভাবনার মধ্যে রয়েছে।