WB Elections 2026

বিধানসভা নির্বাচনের জন্য নেওয়া বেসরকারি গাড়ির ভাড়া ১০% বৃদ্ধি, নতুন হারে ঘোষণা পরিবহণ দফতরের

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনের সময় বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কাজে বিপুল সংখ্যক গাড়ি ভাড়া নেওয়া হয়। সেই প্রেক্ষিতে জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৯:৪৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নির্বাচনী কাজে ভাড়া নেওয়া গাড়ির ভাড়া ১০ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। সোমবার পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন হার কার্যকর হওয়ার কথা জানান।

Advertisement

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনের সময় বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কাজে বিপুল সংখ্যক গাড়ি ভাড়া নেওয়া হয়। সেই প্রেক্ষিতে জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ছোট গাড়ি থেকে শুরু করে বড় বাস, মিনিবাস, ট্রাক, এমনকি জলপথে ব্যবহৃত লঞ্চ বা ভেসেল— সব ক্ষেত্রেই ভাড়ার হার সংশোধন করা হয়েছে। প্রতিটি গাড়ির ক্ষেত্রে দৈনিক ভাড়া, অতিরিক্ত সময়ের জন্য ঘণ্টাপ্রতি ভাড়া এবং নির্দিষ্ট কিলোমিটার অতিক্রম করলে অতিরিক্ত চার্জ নির্ধারণ করা হয়েছে।

উদাহরণ হিসাবে, ছোট পেট্রল বা ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে দৈনিক ভাড়ার সঙ্গে অতিরিক্ত সময়ের জন্য ঘণ্টাপ্রতি আলাদা হার ধার্য করা হয়েছে। একই ভাবে মিনিবাস, বাস বা ট্রাকের ক্ষেত্রেও নতুন ভাড়ার কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই ভাড়ার মধ্যে জ্বালানির খরচ আলাদা ভাবে হিসাব করা হবে। প্রতি কিলোমিটারে গাড়ির জ্বালানি খরচের একটি নির্দিষ্ট হার নির্ধারণ করা হয়েছে, যার ভিত্তিতে বিল মেটানো হবে।

এ ছাড়া, ১২ ঘণ্টার একটি নির্দিষ্ট ডিউটি পিরিয়ড ধরা হয়েছে। এই সময়ের বাইরে অতিরিক্ত কাজের জন্য ঘণ্টাপ্রতি ভাড়া দিতে হবে। রাতের বেলায় কাজ বা দীর্ঘ দূরত্বে যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ শর্ত প্রযোজ্য থাকবে বলে জানানো হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, নির্বাচনের সময় নিরাপত্তাবাহিনী, ভোটকর্মী ও সামগ্রী পরিবহণে এই গাড়িগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভাড়ার হার বাস্তবসম্মত না হলে গাড়ি পাওয়ায় সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই এই সংশোধিত হার কার্যকর করা হয়েছে।

নতুন এই ভাড়া অবিলম্বে কার্যকর হবে এবং চলতি নির্বাচনী প্রক্রিয়ায় তা প্রযোজ্য থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিটি সাব আর্বান বাস সার্ভিসের নেতা টিটু সাহা বলেন, ‘‘রাজ্য আমাদের দাবি মেনে ১০ শতাংশ ভাড়া বৃদ্ধি করায় আমরা খুশি। কিন্তু বাস বা গাড়িচালক এবং খালাসিদের খোরাকি বাড়ানো হয়নি। বৃদ্ধির ক্ষেত্রে সেটিও মনে রাখা উচিত ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement