WB Elections 2026

শেষ পর্যন্ত নন্দীগ্রামের লড়াই থেকে নাম তুলে নিলেন নির্দল শুভেন্দু!

নন্দীগ্রামের এই নির্দল প্রার্থী পূর্ব মেদিনীপুরে বাসিন্দাই নন। তিনি কলকাতার বাসিন্দা। নন্দীগ্রাম থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়তে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:৩১
Share:

— প্রতীকী চিত্র।

প্রার্থী হতে চেয়েছিলেন নন্দীগ্রামে। মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন নির্দল প্রার্থী হিসাবে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তবদল। নন্দীগ্রাম আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন কলকাতার বাসিন্দা সেই নির্দল শুভেন্দু অধিকারী।

Advertisement

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। ওই দিন নন্দীগ্রাম-সহ পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন নন্দীগ্রাম। এ বারও নিজের নন্দীগ্রাম আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেতা শুভেন্দু। তাঁর বিপরীতে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন পবিত্র কর। এরই মধ্যে বিজেপি নেতার এক সমনামীও নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন। ওই সমনামী নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়তে চেয়েছিলেন নন্দীগ্রাম থেকে।

তবে সেই মনোনয়নপত্র এ বার প্রত্যাহার করে নিয়েছেন নির্দল শুভেন্দু। তিনি নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরের অন্য কোনও প্রান্তের বাসিন্দা নন। হলফনামা অনুযায়ী, তাঁর বাড়ি কলকাতায়। গরফা থানা এলাকার বাসিন্দা এই নির্দল শুভেন্দু। কলকাতার সেই শুভেন্দু মনোনয়ন জমা দিয়েছিলেন নন্দীগ্রামের প্রার্থী হতে চেয়ে। বৃহস্পতিবার জানা যায়, ওই নির্দল শুভেন্দু নন্দীগ্রামের লড়াই থেকে নাম তুলে নিয়েছেন।

Advertisement

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, নন্দীগ্রাম আসনের জন্য মোট ২৩টি মনোনয়নপত্র (একই প্রার্থীর একাধিক মনোনয়নপত্র ধরে) জমা পড়ে। প্রার্থী হতে চান মোট ১২ জন। তাঁদের মধ্যে কলকাতার বাসিন্দা ওই শুভেন্দু-সহ পাঁচ জন নির্দল প্রার্থী ছিলেন। নির্দল শুভেন্দু মনোনয়ন প্রত্যাহার করায় এখন সেখানে মোট ১১ জন প্রার্থী রইলেন। তালিকায় আছেন বিজেপির শুভেন্দু, তৃণমূলের পবিত্র, সিপিআইয়ের শান্তিগোপাল গিরি, কংগ্রেসের শেখ জারিয়াতুল হোসেনের পাশাপাশি লড়ছেন আইএসএফ, আমজনতা উন্নয়ন পার্টি, এসইউসিআইয়ের প্রার্থীরা। রয়েছেন অপর চার নির্দল প্রার্থীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement