Election Commission at Bali

সংকীর্তন করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ! তৃণমূল প্রার্থীর নামে ধর্মীয় অনুষ্ঠানে গেল কমিশন

বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহের অভিযোগ, নির্বাচন কমিশনের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল কার্যালয়ের সামনে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০০:৩১
Share:

বালিতে তৃণমূল কার্যালয়ের কাছে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। —নিজস্ব ছবি।

ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচনী আদর্শ বিধি ভঙ্গ করেছেন। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এমনই অভিযোগ পেয়ে হাওড়ার বালিতে গেলেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। রবিবারের ঘটনা।

Advertisement

বিজেপির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে নাম-সংকীর্তনের আয়োজন করেন বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। সংকীর্তন অনুষ্ঠানে তাঁর নাম রয়েছে। এটাও প্রচারের কৌশল। অভিযোগ পেয়ে রবিবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে সংকীর্তন অনুষ্ঠান সরেজমিনে পরিদর্শনে যান নির্বাচনী আধিকারিকরা। তাঁরা খোঁজখবর নেন। অনুমতিপত্র রয়েছে কি না, দেখতে চান। এই ঘটনায় বিজেপিকে তোপ দাগে তৃণমূল।

ভোট যত এগিয়ে আসছে, বালিতে রাজনৈতিক উত্তাপ উত্তরোত্তর বাড়ছে। বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহের অভিযোগ, নির্বাচন কমিশনের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল কার্যালয়ের সামনে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী। মঞ্চ বেঁধে নাম-সংকীর্তনের আসর বসিয়েছেন তিনি। মঞ্চে তৃণমূল প্রার্থীর নামও রয়েছে।

Advertisement

অভিযোগ পেয়ে কমিশন ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের কাছে প্রশাসনিক অনুমতিপত্র দেখতে চায়। তৃণমূলের একটি সূত্রে খবর, কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তাদের প্রার্থী কৈলাস। আধিকারিকেরা জানিয়েছিলেন, অনুমতিপত্র না থাকলে অনুষ্ঠান বন্ধ করতে হবে। কৈলাসের দাবি, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে চাইছে বিজেপি। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন এবং প্রশাসনকে কাজে লাগাচ্ছে ওরা। সাধারণ মানুষ ধর্মীয় অনুষ্ঠানে শামিল হয়েছেন। তার বিরোধিতা করছে বিজেপি।’’ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই অনুষ্ঠান বন্ধ হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement