West Bengal Assembly Election 2026

ভোটপ্রচারের সময় বিজেপি নেতা-কর্মীদের উপর ‘হামলা’ বাসন্তীতে, আক্রান্ত পুলিশও! অভিযুক্ত তৃণমূল, আটক আট

বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে প্রচার করছিলেন বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, সেই প্রচারকে ক্যামেরাবন্দি করছিলেন তৃণমূলের কর্মীরা। তা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর শুরু হয় সংঘর্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৬:০৭
Share:

পুলিশের সঙ্গে কথা কাটাকাটি বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের। —নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ভোটপ্রচারের সময় বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হলেন বেশ কয়েক জন পুলিশকর্মী। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত আট জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে প্রচার করছিলেন বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, সেই প্রচারকে তৃণমূলের কর্মীরা ক্যামেরাবন্দি করছিলেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষ শুরু হওয়ার পরেই দ্রুত উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, হামলাকারীরা বিজেপির মিছিলে ঢুকে পড়ে এবং রাস্তার ধারে থাকা দু’টি মোটরসাইকেল ভাঙচুর করে। বিজেপির অভিযোগ, প্রশাসনের মদতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার সুপার (এসপি) শুভেন্দ্র কুমার বলেন, “বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে।” তবে বিজেপি প্রার্থী ঘটনার সময় ছিলেন না বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নেতা-কর্মীরা আক্রান্ত হয়েছেন, এই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। বিজেপি প্রার্থী বলেন, “তৃণমূল হারের ভয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। পুলিশ সব দেখেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।” যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement