মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
ব্যারাকপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা বার বার কেন্দ্রকে বলি পাটের ব্যাগ নাও। নেয় না। পাটকল বন্ধ করে দেয়। আমরা খোলার চেষ্টা করি।”
মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা ভোটের আগে করা হলেও নির্বাচন কমিশন ফাইল আটকে রেখেছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাজেটে বলেছিলাম চার শতাংশ ডিএ দেব। নির্বাচন কমিশন আটকে রেখেছে। আমি বলব, তুমি সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ো। এটা তোমার কাছে যাওয়াই উচিত নয়। কারণ এটা ভোটের আগের ঘোষণা। ভোটের পরের ঘোষণা।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “২৫ শতাংশ ডিএ দিয়েছি। আর চার শতাংশ ডিএ যেটা ঘোষণা করেছি, সেটা এপ্রিলের বেতনের সঙ্গেই পাবেন। যা কথা দিই, তা রাখি।”
ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ঝালমুড়ি তো এসপিজি বানিয়ে দিয়েছিল। আগে থেকে ক্যামেরা নিয়ে গিয়েছিল। আবার পকেটে করে মোড়া ১০ টাকা নিয়ে গিয়েছেন।”
এক মাস ধরে প্রতি দিন বহু সভা করেছেন। সে কথা জানিয়ে ব্যারাকপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা দখল করতে বিজেপি ১০০টা ফ্লাইট, ২০০ হেলিকপ্টার, দু’লক্ষ বহিরাগত নিয়ে এসেছে।”
ব্যারাকপুরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে।