West Bengal Election 2026

ভবানীপুরে শাহ-শুভেন্দুর মিছিলে অশান্তি! দক্ষিণ কলকাতার ডিইও-র কাছে রিপোর্ট চাইল কমিশন

হাজরা মোড় থেকে রোড শো শুরু করেন শুভেন্দু। সঙ্গী ছিলেন শাহ। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের গলির কাছে রোড শো পৌঁছোতেই উত্তেজনা ছড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:৩৮
Share:

ভবানীপুরে অমিত শাহ এবং শুভেন্দুর রোড শো। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিছিলে অশান্তির ঘটনায় দক্ষিণ কলকাতার ডিইও (জেলা নির্বাচনী আধিকারিক)-র কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা আসনের জন্য মনোনয়ন জমা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গী ছিলেন শাহ। তাঁরা রোড শো করে মনোনয়ন জমা দিতে যান, যা ঘিরে ছড়ায় উত্তেজনা।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু। বৃহস্পতিবার সেই আসনের জন্য সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা করেন। হাজরা মোড় থেকে রোড শো করে তিনি সার্ভে বিল্ডিংয়ে যান। সঙ্গী ছিলেন শাহ। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের গলির কাছে রোড শো পৌঁছোতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী-সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের সঙ্গে বচসা, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকেরা। পুলিশ গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

নিরাপত্তা সংস্থা মমতার বাড়ির গলির সামনে দিয়ে শাহকে ট্রাকে চেপে যেতে দেয়নি। গাড়িতে চেপে সার্ভে বিল্ডিং যান তিনি। অভিযোগ, শাহের গাড়ি চলে যেতেই তৃণমূলের জমায়েতের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে বিজেপির ধস্তাধস্তি চলে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মুখেই। সার্ভে বিল্ডিংয়ের কাছে জড়ো হওয়া তৃণমূল কর্মী-সমর্থকেরা আচমকা হামলা চালান বলে অভিযোগ বিজেপির। তাতে জখম হন এক বিজেপি কর্মী। সেই ঘটনাতেই রিপোর্ট চাইল কমিশন।

Advertisement

বৃহস্পতিবার রাজ্য পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে এই নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। কমিশনের বক্তব্য, একাধিক জায়গায় কেন জমায়েত করতে দেওয়া হচ্ছে? কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে জ্ঞানেশ বলেন, ‘‘আইপিএস অফিসার হয়ে কলকাতা সামলাতে পারছেন না! আপনাকে কি প্রশিক্ষণ দিতে হবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement