West Bengal Assembly Election 2026

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হবে রবিবারই, বিকেলে সাংবাদিক বৈঠক ডাকল কমিশন, আগের চেয়ে কমতে পারে দফা

পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৯:৫৪
Share:

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের দিন ঘোষণা করতে চলেছেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। দিল্লির বিজ্ঞান ভবনে ওই সাংবাদিক বৈঠকে থাকবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ।

Advertisement

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে খবর, আগের চেয়ে এ বার ভোটের দফা কমতে পারে। বিধানসভা-সহ গত কয়েকটি নির্বাচনে রাজ্যে ছয় থেকে সাত দফায় ভোটের আয়োজন করা হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার সর্বোচ্চ দুই বা তিন দফায় ভোট হওয়ার সম্ভবনা পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে নববর্ষের পরে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করবে কমিশন। কিছু দিন আগেই জ্ঞানেশের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের বৈঠক হয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। এক বা দুই দফায় ভোট চেয়েছে বিরোধীরা। কমিশন সূত্রে খবর, আগের চেয়ে এ বার ভোটের দফা ্অনেকটাই কমিয়ে দেওয়া হবে। বাড়ানো হবে নজরদারি।

Advertisement

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি নিষ্পত্তি করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। গত ২৮ ফেব্রুয়ারি এ রাজ্যে এসআইআর-এর ভিত্তিতে তৈরি অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়। আদালত জানিয়েছিল, এর পর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পাারবে কমিশন। এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে ‘বিবেচনাধীন’ ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। এই ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ভোটারদের কী হবে, প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাঁরা কি ভোট দিতে পারবেন? কমিশন জানিয়েছে, ভোটের আগে পর্যন্ত যত ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি হয়ে যাবে, তাঁরা ভোট দিতে পারবেন। তবে নববর্ষের পরেই যদি রাজ্যে প্রথম দফার ভোট হয়, তার মধ্যে সকল নামের নিষ্পত্তি হবে কি না, এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement