BJP Leader Arrest in Bankura

বিজেপি কর্মীর বাড়ি ঢুকে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি, স্ত্রীর শ্লীলতাহানি! অভিযোগে গ্রেফতার ‘দাপুটে’ তৃণমূল নেতা

রবিবার ধৃতকে বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৬:৪৭
Share:

ধৃত তৃণমূল নেতা। —নিজস্ব চিত্র।

তৃণমূলের আরও এক নেতা গ্রেফতার।

Advertisement

পুলিশের হাতে পাকড়াও হলেন তৃণমূলের বাঁকুড়ার ইন্দপুর ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি, ‘দাপুটে’ নেতা রেজাউল খান। সম্প্রতি ইন্দপুর ব্লকের এক বিজেপি কর্মী পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ, রেজাউল বাড়িতে চড়াও হয়ে মারধর করেছেন তাঁকে। পরিবারের মহিলাদের শ্লীলতাহানি করেছেন, ভাঙচুর চালিয়েছেন বাড়িতে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে সকলকে খুনের হুমকি দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ওই অভিযোগের ভিত্তিতে ইন্দপুর থানার পুলিশ রেজাউলকে শনিবার গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

Advertisement

রাজ্যে তৃণমূলকে সরিয়ে বিজেপি ক্ষমতা দখল করার পরে রাজ্য জুড়ে একের পর এক ঘাসফুল শিবিরের নেতা গ্রেফতার হচ্ছেন। বাঁকুড়াতেও তা-ই হয়েছে। গ্রেফতারির তালিকায় নয়া সংযোজন তৃণমূলের ইন্দপুর ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি রেজাউল। অভিযোগকারী জানিয়েছেন, এ বার বিধানসভা নির্বাচনের আগে রেজাউল বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। তাতেই ওই নেতার রোষানলে পড়তে হয়েছে তাঁকে। অভিযোগ নির্বাচনের বেশ কয়েক দিন আগে কয়েক জন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান রেজাউল। ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ওই লিখিত অভিযোগ পেয়ে পদক্ষেপ করেছে ইন্দপুর থানার পুলিশ। ধৃত রেজাউল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর আইনজীবী চঞ্চল রায় বলেন, ‘‘রাজ্যে পালাবদল হওয়ার পর আমার মক্কেলের বিরুদ্ধে মাথায় বন্দুক ঠেকিয়ে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। সকলেই বুঝতে পারছেন, এই মামলার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। আমরা জামিনের আবেদন জানিয়েছিলাম। আবেদন নাকচ করে আদালত রেজাউল খানকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement