West Bengal Election 2026

‘রাজ্যে উপ-মুখ্যমন্ত্রী হবেন এক জন মুসলিমই’! ভোটের মুখে হুঙ্কার হুমায়ুন কবীরের

হুমায়ুন জানান, তিনি নতুন সরকার গঠনের লক্ষ্যেই দল গড়েছেন এবং রাজ্যে মুসলিম সমাজের নেতৃত্ব দেবেন তিনিই। জোড়াফুলের সঙ্গে কোনও রকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তাঁর প্রশ্ন, “নতুন সরকার গঠন করতে চাইলে কেন তৃণমূলের সঙ্গে হাত মেলাব?”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২২:১৭
Share:

হুমায়ুন কবীর। — ফাইল চিত্র।

দলের প্রথম দফার প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছেন হুমায়ুন কবীর। এ বার নিজের নতুন গঠিত দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র হাত ধরে রাজ্যের মসনদ দখল করার অঙ্গীকার করলেন তিনি। দাবি করলেন, “আগামী দিনে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হবেন এক জন মুসলিম।”

Advertisement

হুমায়ুন জানান, তিনি নতুন সরকার গঠনের লক্ষ্যেই এই দল গড়েছেন এবং রাজ্যে মুসলিম সমাজের নেতৃত্ব দেবেন তিনিই। জোড়াফুলের সঙ্গে কোনও রকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তাঁর প্রশ্ন, “নতুন সরকার গঠন করতে চাইলে কেন তৃণমূলের সঙ্গে হাত মেলাব?”

তৃণমূল থেকে নিলম্বিত (সাসপেন্ড) হওয়ার পর থেকে দলের বিরুদ্ধে সংখ্যালঘুদের বঞ্চনা করার অভিযোগ এনেছেন হুমায়ুন। তাঁর দাবি, ২০১১ সালের তুলনায় উত্তরোত্তর মুসলিম প্রার্থীদের টিকিট দেওয়া কমিয়ে দিয়েছে শাসকদল। ২০২৬-এ সেই সংখ্যাটা সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে বলে তাঁর অভিযোগ। হুমায়ুনের কথায়, “তৃণমূল ভয় পেয়েছে। মুসলিমরা ভোট দেবে না বুঝে এখন এসসি এবং ওবিসি-দের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

Advertisement

নিজের খাসতালুক মুর্শিদাবাদে তাঁর দল জয়ী হবে বলেও দাবি হুমায়ুনের। তাঁর দাবি, রেজিনগর আসনে অন্তত ৮০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন তিনি। নওদাতেও তিনি প্রার্থী। দাবি, সেখানে ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন। দু’টি আসনেই লড়ছেন, তবে জয়ের পরে একটি আসন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।

ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক ‘অবাঙালি মুসলিম’ প্রার্থীকে দাঁড় করানোর কথা ঘোষণা করেছেন তিনি। আগামী রবিবার রাজ্যের মোট ১৮২টি আসনের প্রার্থী ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে হুমায়ুনের তীব্র আক্রমণ, “যাঁরা বাবরি মসজিদ ভেঙেছে, সেই আরএসএস-কে মুখ্যমন্ত্রী ভাল বলছেন। বাংলার মুসলিমদের বলব, এই আরএসএস-মার্কা মুখ্যমন্ত্রীকে যেন তাঁরা চিনে রাখেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement