ভোটের ফলাফলের দিন শহরের রাস্তায় কেন্দ্রীয় বাহিনী। —নিজস্ব চিত্র।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দিকে দিকে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। কলকাতা পুলিশ সমাজমাধ্যমের পাতায় কড়া নজর রেখেছে। ভুয়ো খবর ছড়ানো হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলায় কলকাতা পুলিশের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, ‘‘ভোটের ফল ঘোষণার পর অনেক বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। অন্য জায়গার ছবি এবং ভিডিয়োকে কলকাতার বলে চালানো হচ্ছে। এই ধরনের পোস্টের উপর কলকাতা পুলিশ কড়া নজর রেখেছে। যাঁরা শান্তি বিঘ্নিত করার জন্য ভুল খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।’’ ভোটের ফলের পর কলকাতার পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। বলা হয়েছে, ‘‘কলকাতায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। নাগরিকদের কাছে আবেদন, যাচাই না করে কোনও খবর বিশ্বাস করবেন না বা তা ছড়াবেন না।’’
সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের ভোটগণনা হয়েছে। ২০৭টি আসনে বিজেপি জিতে গিয়েছে। একটি আসনের ফলাফল এখনও আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। এ রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার রাত থেকেই শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠছে। তৃণমূলের দলীয় কার্যালয় অনেক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, কোথাও কোথাও তা দখল করে নিয়েছে বিজেপি। কলকাতার রাস্তাতেও ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে। শহরের শান্তি যাতে বিঘ্নিত না-হয়, তা নিশ্চিত করতেই ভুয়ো পোস্ট নিয়ে বার্তা দিল পুলিশ। সমাজমাধ্যম ব্যবহারকারীদেরও সতর্ক করে দেওয়া হল।