WB Assembly Election 2026

আচমকা বেশ কিছু ক্ষণের জন্য ব্যাহত কলকাতা পুলিশের ‘ওয়ারলেস’ যোগাযোগ ব্যবস্থা! ভোটের মধ্যে ‘বিরক্ত’ লালবাজার

কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা দেখভালের দায়িত্বে রয়েছে দিল্লির ‘সঞ্চার টেলিসিস্টেম’ নামে সংস্থা। সমস্যা ধরা পড়তেই ওই সংস্থার দিল্লির ঠিকানায় চিঠি পাঠানো হয়। অবিলম্বে সার্ভার সচল করার আবেদন জানানো হয় ওই চিঠিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২২:২২
Share:

কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা সাময়িক ব্যাহত হয়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আচমকাই সোমবার বিকেলে ব্যাহত হয় কলকাতা পুলিশের ওয়ারলেস (তারবিহীন) যোগাযোগ ব্যবস্থা। ভোটের ঠিক দু’দিন আগে এই পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যার সৃষ্টি হয়। জরুরি ভিত্তিতে ওই পরিষেবা সচল করার আর্জি জানিয়ে কলকাতা পুলিশের তরফে চিঠি পাঠানো হয় দিল্লির সংস্থাকে। সেখানেই রয়েছে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা সংস্থার অফিস।

Advertisement

সূত্রের খবর, সোমবার বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ হঠাৎই কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এই যোগাযোগ ব্যবস্থা এলটিই সার্ভারের সাহায্যে পরিচালিত হয়। সমস্যা দেখা দেয় ওই সার্ভারেই। সার্ভার-সমস্যার কারণে কলকাতা পুলিশের নানা কাজে সাময়িক ব্যাঘাত ঘটে। বিষয়টি নজরে আসতেই সমস্যা সমাধানে উদ্যোগী হন কর্তৃপক্ষ।

কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা দেখভালের দায়িত্বে রয়েছে দিল্লির ‘সঞ্চার টেলিসিস্টেম’ নামে সংস্থা। সমস্যা ধরা পড়তেই ওই সংস্থার দিল্লির ঠিকানায় চিঠি পাঠানো হয়। অবিলম্বে সার্ভার সচল করার আবেদন জানানো হয় ওই চিঠিতে। শুধু তা-ই নয়, কেন সার্ভারে সমস্যা দেখা দিল, কোথায় গলদ— তা নির্ধারণ করে ২৪ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন সমস্যা না-হয়, তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার কলকাতা-সহ রাজ্যের সাত জেলায় ভোটগ্রহণ হবে। তার ঠিক আগে এমন সমস্যা কেন হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ব্যবস্থার মাধ্যমে কলকাতা পুলিশ বিভিন্ন দিকে খবরাখবর পাঠায়। কোথাও কোনও সমস্যা হয়ে নির্দেশ যায় ওয়ারলেস ব্যবস্থাতেই। ভোটপর্বে এই যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি কার্যকর ভূমিকা নিচ্ছে। তাই এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় কাজের গতি ধাক্কা খায়। তবে ওয়ারলেস ছাড়াও পুলিশের যোগাযোগ সংক্রান্ত অনেক ব্যবস্থা রয়েছে। বিভ্রাটের সময় ওই সব ব্যবস্থাকে কাজে লাগিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে পুলিশ।

কী কারণে বিভ্রাট? জানা গিয়েছে, গত ৭ এপ্রিল কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা ‘আপগ্রেড’ করা হয়েছিল। সেই কারণে এই সমস্যা হয়ে থাকতে পারে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এই ওয়ারলেস ব্যবস্থা কাজ করে। সব মিলিয়ে সাময়িক বিভ্রাট নিয়ে বিরক্ত লালবাজার। দিল্লির ওই সংস্থার কাছে পাঠানো চিঠিতে সেই বিরক্তি প্রকাশ পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement