দ্বিতীয় দফার ভোটের আগের রাতে দক্ষিণ ২৪ পরগনায় খুন হলেন এক সিপিএম কর্মী। শনিবার নাগাদ বজবজের বুইটা দাশপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগের আঙুল শাসক দলের দিকে। পুলিশ জানায়, সিপিএম কর্মী বিমল ঘাটি প্রচার সেরে নিজের দোকানের সামনে বসে ছিলেন। রাত আটটা নাগাদ দুষ্কৃতীরা আচমকা তাঁর উপরে চড়াও হয়। ঘটনাস্থলেই বিমলবাবুর মৃত্যু হয়। এ ঘটনা নিয়ে রাতেই এলাকার শাসক ও বিরোধী জোটের নেতৃত্বের মধ্যে শুরু হয় চাপানউতোর। বজবজের তৃণমূল প্রার্থী অশোক দেব বলেন, ‘‘জোটের প্রার্থীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই খুন।’’ যদিও সিপিএম নেতা শমীক লাহিড়ীর দাবি, ‘‘ভোটের আগে এলাকার দখল নিতে ছক কষেই এই খুন করেছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা।’’ বজবজে ভোট ৩০ এপ্রিল।