WB Elections 2026

আঁটোসাঁটো নিরাপত্তা হাওড়ায়, চলছে গ্রেফতারিও

হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দু’মাসে হাওড়া থেকে প্রায় দু’হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। সব চেয়ে বেশিসংখ্যায় গ্রেফতারি হয়েছে সাঁকরাইল ও মালিপাঁচঘরা থানা এলাকা থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৬:১০
Share:

— প্রতীকী চিত্র।

প্রথম দফার মতো দ্বিতীয় তথা শেষ দফাতেও সন্ত্রাসমুক্ত ভোট করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে আজ, বুধবার ভোটের দিন হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন করা হচ্ছে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারা মূলত হাওড়া সদরের সাতটি বিধানসভা কেন্দ্রের ২০৮৭টি বুথে পাহারায় থাকবে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ থাকছে প্রায় আড়াই হাজার। এ দিকে, ভোটের ৪৮ ঘণ্টা আগে রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সন্দেহভাজন ৫৮ জনকে গ্রেফতার করেছে। এঁদের মধ্যে ন’জনকে ধরা হয়েছে বালি বিধানসভা কেন্দ্র থেকে। ধৃতদের মধ্যে বালির তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি থেকে বুথ এজেন্টরা রয়েছেন। এই গ্রেফতারির প্রতিবাদে সোমবার রাতে বেলুড় থানার সামনে বিক্ষোভ দেখান বালির তৃণমূল প্রার্থী কৈলাস শর্মা। তাঁর অভিযোগ, হাওড়া সিটি পুলিশ ও নির্বাচন কমিশন বিজেপির কথা অনুযায়ী বিনা কারণে তৃণমূল কর্মীদের গ্রেফতার করছে। অথচ, বহিরাগতেরা থাকছে অধরাই।

হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দু’মাসে হাওড়া থেকে প্রায় দু’হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। সব চেয়ে বেশিসংখ্যায় গ্রেফতারি হয়েছে সাঁকরাইল ও মালিপাঁচঘরা থানা এলাকা থেকে। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয়েছে ১৯টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ডকার্তুজ।

হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘বালি এবং উত্তর হাওড়া, এই দুই বিধানসভা কেন্দ্র বেশি স্পর্শকাতর হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি থাকবে। এ ছাড়া, সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া কেন্দ্রের কিছু অংশে গোলমাল পাকানোর চেষ্টা হতে পারে, এই আশঙ্কায় ওই দু’টি কেন্দ্রেও কড়া নজর রাখা হচ্ছে।’’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে জেলাশাসকের অফিসে কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে ৪০টি মনিটরের মাধ্যমে শহরের সব ক’টি বুথে লাগানো সিসি ক্যামেরার ছবি নজরে রাখা হবে। জেলাশাসক তথা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক পি দীপাপ প্রিয়া বলেন, ‘‘প্রত্যেক ভোটদাতা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’’ তিনি জানান, এখনও পর্যন্ত ট্রাইবুনালেআবেদন করা বিচারাধীনদের মধ্যে ৭৭ জনের নাম ভোট দেওয়ার জন্য যুক্ত হয়েছে।

জেলা প্রশাসন সূত্রের খবর, বুথের সংখ্যা অনুযায়ী দেড় কোম্পানি থেকে চার কোম্পানি পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বুথের বাইরে নির্দিষ্ট দূরত্বে থাকবে রাজ্য পুলিশ। ১৫৬টি সেক্টরে প্রস্তুত থাকবে ১৮১টি কুইক রেসপন্স টিম। সন্দেহজনক গাড়ি বা ব্যক্তিকে তল্লাশি করার জন্য থাকছে ৪৪টি নাকা পয়েন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন