Panihati Row

আরজি করের নির্যাতিতার মায়ের সভা থেকে সিপিএম সমর্থক তরুণীর উপর হামলার অভিযোগ! তপ্ত পানিহাটি

প্রচারের শেষ দিনে মঞ্চ বেঁধে বক্তৃতা করছিলেন আরজি করে নির্যাতিতার মা। মঞ্চের পাশে রাস্তা দিয়ে একটি টোটো যাচ্ছিল। সেই টোটোতে ছিলেন বছর একুশের শ্রীলেখা মুখোপাধ্যায় এবং তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায়। তাঁরা সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৪:০৪
Share:

সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের সঙ্গে ‘আক্রান্ত’ তরুণী। ছবি: সংগৃহীত।

মেয়ের প্রসঙ্গ টেনে এনে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভোটপ্রচার করছিলেন আরজি করে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী। তাঁর প্ররোচনায় আর এক তরুণীর শারীরিক হেনস্থার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ওই বিধানসভা এলাকায়। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত সিপিএম সমর্থক ওই তরুণী।

Advertisement

সোমবার বিকেলে আগরপাড়ার মহাজাতি মোড় এলাকায় বিজেপির নির্বাচনী প্রচার চলছিল। প্রচারের শেষ দিনে মঞ্চ বেঁধে বক্তৃতা করছিলেন আরজি করে নির্যাতিতার মা। মঞ্চের পাশে রাস্তা দিয়ে একটি টোটো যাচ্ছিল। সেই টোটোতে ছিলেন বছর একুশের শ্রীলেখা মুখোপাধ্যায় এবং তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায়। শ্রীলেখা এসএফআই করেন। তাঁর বাবা সিপিএম কর্মী। পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের সমর্থনে টোটোয় মাইক বেঁধে প্রচার করছিলেন তাঁরা।

একাধিক ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, ওই টোটো দেখে মঞ্চ থেকে সিপিএমকে আক্রমণাত্মক কথা বলেন নির্যাতিতার মা। তিনি মাইক হাতে বলেন, ‘‘এই রাস্তা দিয়ে যে টোটোটি যাচ্ছে, তাদের আমি চরম ধিক্কার জানাচ্ছি মঞ্চ থেকে। এই নির্লজ্জ সিপিএমকে চরম ধিক্কার জানাই।’’ সিপিএমের অভিযোগ, তার পরেই টোটোয় ঝাঁপিয়ে পড়েন বিজেপির কয়েক জন। মারধর করা হয় সিপিএম কর্মী এবং তাঁর মেয়েকে। শ্রীলেখার অভিযোগ, মহিলা-পুরুষ সকলে মিলে তাঁদের হেনস্থা করেন। তাঁর কথায়, ‘‘আমাদের প্রার্থী কলতান দাশগুপ্তের সমর্থনে প্রচার করছিলাম। হঠাৎ আমাদের টোটো আটকে মাইকের তার এবং প্রার্থীর নামের ফ্লেক্স ছিঁড়ে দিয়ে আমার বাবাকে মারধর করে ওঁরা। আমার গায়েও হাত তোলেন। পুরুষ-মহিলা সকলেই আমাদের গায়ে হাত তুলেছেন।’’ অন্য দিকে, বিজেপির অভিযোগ, ওই টোটো থেকে বিজেপি এবং আরজি কর মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে টিপ্পনী ভেসে এসেছিল।

Advertisement

ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকেই উত্তেজনা আগরপাড়ায়। বিজেপির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ জমা পড়েছে বলে খবর। সিপিএম প্রার্থী কলতান বলেন, “বিজেপি যে চরম নারীবিদ্বেষী দল, এটাই তার প্রমাণ। এমন ঘটনা আগে দেখেনি আগরপাড়া। যিনি যে দলের সমর্থক হোন না কেন, এত দিন শান্তিপূর্ণ ভাবে সকলে প্রচার করতেন এখানে। যাঁরা এই কাজ করলেন, তাঁদের ধিক্কার। একটা মেয়ের উপর যে ভাবে আক্রমণ করা হল, এটা এখানেই আমরা শেষ করতে দেব না। আইনি পদক্ষেপ করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement