SIR Tribunal

পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা

ট্রাইবুনালের বিচারপতিরা কোন পদ্ধতি মেনে আবেদন নিষ্পত্তি করবেন, তা ঠিক করতে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২২:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পরিকাঠামো তৈরি। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ২৭ লক্ষ ভোটারের আবেদন শুনতে প্রস্তুত ট্রাইবুনাল। রবিবার পরিদর্শন সেরে অবসরপ্রাপ্ত বিচারপতিদের দল জানিয়েছে, সোমবার অর্থাৎ, ১৩ এপ্রিল থেকেই ট্রাইবুনালের কাজ শুরু হয়ে যাবে। অন্য দিকে, সোমবারই সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যে ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছে। বিবেচনাধীনদের মধ্যে অনেকের নাম বাদ গিয়েছে। ট্রাইবুনালের রায়ে তাঁরা আবার বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পেলে কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট।

Advertisement

ডায়মন্ড হারবার রোড সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভবনে ট্রাইবুনালের দফতর বসানোর প্রস্তুতি চলছিল। কমিশন সূত্রে খবর, পরিকাঠামোগত কাজ হয়ে গিয়েছে। মাইক্রো অবজ়ার্ভার এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা সেখানে গিয়েছিলেন। তার পরেই এই সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে।

ট্রাইবুনালের কাজের জন্য সব মিলিয়ে ২১টি ঘর নেওয়া হয়েছে জোকার প্রতিষ্ঠানে। ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা ট্রাইবুনালের কাছ থেকে জানতে পারবেন, কেন বা কোন তথ্য না-দিতে পারায় তাঁদের নাম ‘ডিলিট’ (বাতিল) হয়েছে। একই ভাবে কোনও নাম যদি ভুলবশত তালিকায় স্থান পায়, সেটাও পর্যালোচনা করে দেখা হবে।

Advertisement

এসআইআর সংক্রান্ত ‘আপিল ট্রাইবুনাল’-এর এই অফিসে বসবেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁরা ট্রাইবুনালে আবেদনকারীদের নথি খতিয়ে দেখবেন। প্রত্যেক প্রাক্তন বিচারপতির সঙ্গে থাকবেন চার থেকে পাঁচ জন কর্মী। তাঁদের কাজ হল নথি যাচাইয়ের কাজে সহায়তা প্রদান করা। কলকাতা হাই কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরও যোগ দিচ্ছেন ওই ট্রাইবুনালে।

চলতি মাসের শুরুতেই ট্রাইবুনালের কাজ শুরুর কথা ছিল। কিন্তু নানা কারণে সেই কাজ পিছিয়ে যায়। রবিবার ট্রাইবুনালের অফিস পরিদর্শনে গিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিদের কয়েক জন। ব্যবস্থা দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

ট্রাইবুনালের বিচারপতিরা কোন পদ্ধতি মেনে আবেদন নিষ্পত্তি করবেন, তা ঠিক করতে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে, তাঁরা যে কেউ ওই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। সে জন্য সশরীরে হাজিরাও আবশ্যিক নয়। ইসিআইনেট মোবাইল অ্যাপ কিংবা কমিশনের ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরেও আবেদন করতে পারেন বাদ পড়া ভোটারেরা।

উল্লেখ্য, হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ইতিমধ্যে বাড়ি থেকে কাজ করে বিচারাধীন কয়েক জন প্রার্থীর তথ্যের নিষ্পত্তি করে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement