West Bengal Election 2026

মমতা, শুভেন্দুর নামে অভিযোগ বিজেপি, তৃণমূলের

আদর্শ আচরণবিধি ভাঙার কথা বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে মমতা ও শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করল যথাক্রমে বিজেপি ও তৃণমূল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৬:৫৮
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী (ডান দিকে)। — ফাইল চিত্র।

নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, তার অল্প পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা চিঠি— ভোটের আবহে ইতিমধ্যেই এই দৃশ্য বেশ কয়েক বার দেখেছে রাজ্য রাজনীতি। তার পরে দু’জন ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতাও করছেন। এ বার একই দিনে আদর্শ আচরণবিধি ভাঙার কথা বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে মমতা ও শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করল যথাক্রমে বিজেপি ও তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য ডেরেক ও’ব্রায়েন বুধবার অভিযোগ করেছেন, ২২ মার্চ শুভেন্দুর নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বয়াল ২ পঞ্চায়েতে বিজেপির একটি মিছিল থেকে সেখানকার তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে ‘চোর’ স্লোগান দেওয়া হয়েছে। শুভেন্দু নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক এবং এ বারেও সেখানকার বিজেপি প্রার্থী। তৃণমূলের অভিযোগ, মিছিল থেকে চোর বলার ওই ঘটনা তাদের প্রার্থীকে ‘হুমকি দেওয়া, ভয় দেখানোর শামিল’। পাশাপাশি, শক্তি প্রদর্শন এবং অশালীন ভাষা ব্যবহারের ফলে জনসাধারণের মনোবলও প্রভাবিত হতে পারে অভিযোগ। ঘটনার ভিডিয়োও জমা দিয়েছে তৃণমূল। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুভেন্দুকে ‘শো-কজ়’, তাঁর এবং বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছে তৃণমূল।

ঘটনাচক্রে, এ দিনই ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতার বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। দলের নেতা শিশির বাজোরিয়ার বক্তব্য, আচরণবিধি চালু হয়ে গেলে কোনও প্রার্থী সরকারি পদের কথা উল্লেখ করে প্রচার চালাতে পারেন না। কিন্তু ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত কালীঘাট মন্দিরের ‘স্কাইওয়াক’, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-সহ কলকাতার নানা জায়গায় মুখ্যমন্ত্রীর নাম, ছবি দেওয়া হোর্ডিং রয়েছে। অভিযোগপত্রে এমন দু’টি ছবিও দিয়েছে বিজেপি। দ্রুত এই হোর্ডিংগুলি সরিয়ে ফেলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি তুলেছে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন