West Bengal Assembly Election 2026

বাস ‘দখলের’ ময়দানে দেরিতে পরিবহণ, পিছিয়ে পুলিশের থেকে

খাতায়-কলমে কলকাতায় প্রায় ২৭০০ বাস রয়েছে। যার মধ্যে নিয়মিত ভিত্তিতে পথে নামে আড়াই হাজারের কাছাকাছি। গত ফেব্রুয়ারি থেকে কলকাতা ছাড়াও সংলগ্ন একাধিক পুলিশ কমিশনারেটে ভোটের কাজের জন্য রাস্তায় নেমে ‘গাড়ি দখল’ করা শুরু হয়েছে।

ফিরোজ ইসলাম 

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৮:৫২
Share:

—প্রতীকী চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটের কর্মীদের জন্যে গাড়ি জোগাড় করতে হিমশিম খাচ্ছে পরিবহণ দফতর। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনায় নির্বাচন পরিচালনা করতে প্রায় শ’চারেক বাস এবং আরও কয়েকশো মিনিবাস প্রয়োজন পরিবহণ দফতরের। কিন্তু, ওই সব বাস-মিনিবাস নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে গিয়ে বিপাকে পড়েছেন দফতরের আধিকারিকেরা। কারণ, ভোটে বাহিনীর যাতায়াতের জন্যে পুলিশের তরফে আগেই বাস তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি এমন যে পরিবহণ দফতরের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাহায্য চাওয়ার কথা ভাবা হচ্ছে। যাতে তারা কিছু অতিরিক্ত গাড়ি ছেড়ে দেয়।

খাতায়-কলমে কলকাতায় প্রায় ২৭০০ বাস রয়েছে। যার মধ্যে নিয়মিত ভিত্তিতে পথে নামে আড়াই হাজারের কাছাকাছি। গত ফেব্রুয়ারি থেকে কলকাতা ছাড়াও সংলগ্ন একাধিক পুলিশ কমিশনারেটে ভোটের কাজের জন্য রাস্তায় নেমে ‘গাড়ি দখল’ করা শুরু হয়েছে। পরিবহণ দফতর ‘দেরিতে’ আসরে নামায় তাই তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলে খবর।

রাজ্যে এ বার মাত্র দু’দফায় নির্বাচন হওয়ার কারণে কলকাতা লাগোয়া বিভিন্ন জেলা থেকে গাড়ি নেওয়ার পরিস্থিতি নেই। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলার ভোট চলতি বছরে একই দিনে পড়েছে। এর ফলে পরিস্থিতি সামলাতে সমস্যায় পড়তে হচ্ছে আধিকারিকদের। এই সমস্যা মেটাতে পরিবহণ দফতরের আধিকারিকেরা গত বৃহস্পতিবার কসবায় সব ক’টি বাসমালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন। সেখানে পরিবহণ দফতরের আধিকারিকেরা বাস জোগাড় করতে মালিক সংগঠনগুলিকে তৎপর হতে আর্জি জানান।

সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘পরিবহণ দফতর কিছুটা আগে তৎপর হলে বাস পেতে এই সমস্যা হত না। আমরা চেষ্টা করছি, যাতে বাস জোগাড় করা যায়।’’

দফতরের আধিকারিকেরা অবশ্য নির্বাচন ঘোষণা না হওয়ার যুক্তি দিচ্ছেন। ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত গাড়ি আটক করা তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানাচ্ছেন আধিকারিকদের একাংশ। রাজ্যে চলতি বিধানসভা নির্বাচনে গাড়ি পাওয়া নিয়ে সঙ্কটের মধ্যেই আবার অসম তাদেরবিধানসভা ভোটের কাজে পশ্চিমবঙ্গ থেকে সাড়ে তিন হাজার বাস চেয়েছে বলে খবর।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের মতো জেলা থেকেও বাস চেয়ে পাঠানো হয়েছে। ওই সব বাস জোগাড়ের চেষ্টা চলছে। নির্বাচনের কাজে বাস ব্যবহারের জন্য ভাড়ার টাকা বাসমালিক সংগঠনগুলি অগ্রিম দাবি করেছে। ওই প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন