West Bengal Election 2026

বিবেচনাধীন ভোটারদের কত অংশের নিষ্পত্তি হয়ে গিয়েছে, জানালেন সিইও! বাকি কাজ দ্রুত শেষ হবে বলে আশাবাদী

কমিশন জানিয়েছে, তারা চাইছে দ্রুত বিবেচনাধীন তালিকায় থাকা বাকি ভোটারদের তথ্যের নিষ্পত্তি হোক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৮:২২
Share:

— প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। সোমবার পর্যন্ত কত জনের তথ্য নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তা জানিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। সেই সংখ্যাটা হল প্রায় ২০ লক্ষ। নিষ্পত্তির কাজে নিযুক্ত রয়েছেন ৭০৫ জন বিচারপতি। কমিশন জানিয়েছে, তারা চাইছে বিবেচনাধীনের তালিকায় থাকা বাকি ভোটারদের তথ্যের নিষ্পত্তি দ্রুত হোক। ছয়-সাত দিনের মধ্যে বিবেচনাধীন প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে।

Advertisement

পশ্চিমবঙ্গে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির, কারও অন্য জায়গায় নাম রয়েছে। আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিবেচনাধীন’। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই বিবেচনাধীন ভোটারদের নথি রাজ্যে খতিয়ে দেখছেন এসআইআর-এর কাজে নিযুক্ত ৭০৫ জন বিচারক। সোমবার এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। তিনি জানান, সোমবার পর্যন্ত প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্যের নিষ্পত্তি হবে।

এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল, রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। প্রকাশিত ভোটার তালিকায় মালদহে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। ওই জেলায় বিবেচনাধীন তালিকায় রয়েছেন ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা নিয়ে ভোটারদের আপত্তি, অভিযোগ থাকলে বিচার করবে ট্রাইবুনাল। প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারকদের নিয়ে তৈরি হবে এই ট্রাইবুনাল। তালিকা নিষ্পত্তির জন্য কলকাতা হাই কোর্ট যে বিচারকদের (এবং অবসরপ্রাপ্ত বিচারকদের) দায়িত্ব দিয়েছে, তাতে কমিশনকে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে কমিশন। তার পরে প্রশ্ন উঠেছে, ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ৬০ লক্ষাধিক ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তি করতে আর কত দিন সময় পাবেন বিচারকেরা? কমিশন সূত্রে খবর, নির্দিষ্ট কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সংশ্লিষ্ট ভোটার তালিকায় যাঁদের নাম উঠবে, তাঁরা ভোট দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement