—প্রতিনিধিত্বমূলক চিত্র।
পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত প্রায় ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকেরা এসে ভোটারদের তথ্য যাচাই করে নিষ্পত্তি করছেন।
পশ্চিমবঙ্গে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির, কারও অন্য জায়গায় নাম রয়েছে। আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিবেচনাধীন’। সুপ্রিম কোর্টের অনুমোদনে ওই বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকেরা।
এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। প্রকাশিত ভোটার তালিকায় মালদহে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। ওই জেলায় বিবেচনাধীন তালিকায় রয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন।
সুপ্রিম কোর্টের নির্দেশে, তালিকা নিয়ে ভোটারদের আপত্তি, অভিযোগ থাকলে বিচার করবে ট্রাইবুনাল। প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারকদের নিয়ে তৈরি হবে ট্রাইবুনাল। তালিকা নিষ্পত্তির জন্য কলকাতা হাই কোর্ট যে বিচারকদের (এবং অবসরপ্রাপ্ত বিচারকদের) দায়িত্ব দিয়েছে, তাতে কমিশনকে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।