SIR in West Bengal

১৪ লক্ষের তথ্য-নিষ্পত্তি, কবে প্রকাশ অতিরিক্ত ভোটার তালিকা? প্রধান বিচারপতির সঙ্গে সিইও-র বৈঠকে আর কী নিয়ে আলোচনা

রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। যা খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারবিভাগের আধিকারিকেরা। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ১৪ লক্ষ ভোটারের তথ্য-নিষ্পত্তি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২১:৪৯
Share:

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। — ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, অতিরিক্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে এবং ট্রাইবুনালে কে থাকবেন, তা নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তালিকা কবে প্রকাশিত হবে, তা স্থির হয়নি বৈঠকে। তবে যত তাড়াতাড়ি সম্ভব, তা প্রকাশ করা হবে। সেই নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ১৪ লক্ষ ভোটারের তথ্য-নিষ্পত্তি হয়েছে।

Advertisement

বৃহস্পিতবারের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযুষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। যা খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারবিভাগের আধিকারিকেরা। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ১৪ লক্ষ ভোটারের তথ্য-নিষ্পত্তি করা হয়েছে। চূড়ান্ত তালিকার আংশিক প্রকাশের পরে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশের কথা রয়েছে। সেই তালিকা প্রকাশ নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অতিরিক্ত ভোটার তালিকার প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। তাঁর কাছেই করা যাবে আবেদন। তিনি বিবেচনা করে নির্দেশ দেবেন কমিশনকে।

সুপ্রিম কোর্টের নির্দেশে, তালিকা নিয়ে আপত্তি, অভিযোগ থাকলে বিচার করবে ট্রাইবুনাল। প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারকদের নিয়ে তৈরি হবে ট্রাইবুনাল। তালিকা নিষ্পত্তির জন্য কলকাতা হাই কোর্ট যে বিচারকদের (এবং অবসরপ্রাপ্ত বিচারকদের) দায়িত্ব দিয়েছে, তাতে কমিশনকে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। এই ট্রাইবুনাল নিয়েও বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement