রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।
তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজে দক্ষতা এবং দু’বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীরা রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরি পেতে পারেন। রাইটস লিমিটেড সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
উল্লিখিত পদের জন্য কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। ওই ডিগ্রি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, তাঁদের সফট্অয়্যার ডেভেলপমেন্ট, রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত কাজে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সংস্থার তরফে মোট এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ৩২ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয়। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা-১,৪০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
আবেদনের জন্য আলাদা করে ৬০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে ২৭ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপিও পাঠাতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কবে পরীক্ষা হবে, তা জানতে সংস্থার ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।