প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির তরফে চাকরির সুযোগ। জেলার বিভিন্ন পৌরসভা এবং মহকুমার জন্য বিভিন্ন পদমর্যাদায় কর্মী প্রয়োজন। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জেলায় জাতীয় স্বাস্থ্য মিশন এবং রাজ্য সরকারি অন্য একটি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে মেডিক্যাল অফিসার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর, পিয়ার সাপোর্ট, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইসর, মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। শূন্যপদ রয়েছে ১৪টি।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বা ৬৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতনের পরিমাণ হবে মাসে ১০,০০০ থেকে ৬০,০০০ টাকা।
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন এক বছরের ইন্টার্নশিপ। থাকতে হবে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞানও। যোগ্যতার সমস্ত মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ৮ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।