ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
স্নাতকদের বিশেষ শর্তে কাজের সুযোগ দেবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওই সংস্থায় হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট প্রয়োজন। সংস্থার তরফে ওই পদে দু’জনকে নিয়োগ করা হবে।
হিন্দি ভাষা ও সাহিত্যে স্নাতকেরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের স্নাতক স্তরে ঐচ্ছিক বিষয় হিসাবে ইংরেজি ভাষা ও সাহিত্য থাকা প্রয়োজন। এ ছাড়াও অনুবাদ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের ঝাড়খণ্ড কিংবা অরুণাচল প্রদেশের স্থানীয় ভাষায় জ্ঞান থাকা দরকার।
প্রার্থীদের কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থায় অনুবাদকের কাজে অন্তত তিন বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অনুবাদক হিসাবে নিযুক্তেরা প্রতি মাসে ৪৬,৬৯৭ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
প্রার্থীদের লিখিত পরীক্ষা বা স্কিল টেস্ট-এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। ওই ফর্ম ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি।