Aamir Khan-Gauri Sprat Wedding

২৫ বছরের পরিচয়, যোগাযোগ হারিয়ে আবার কাছাকাছি, গৌরীর সঙ্গে কী ভাবে আলাপ আমিরের?

ছোটবেলার বন্ধু তাঁরা। মাঝে কেটে গিয়েছে প্রায় আড়াই দশক। সময় বদলেছে, বদলেছে জীবনের সমীকরণও। তার পর আবার দেখা হয় আমির এবং গৌরীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১০:৩৯
Share:

গৌরীর সঙ্গে কী ভাবে আলাপ হয় আমিরের? ছবি: সংগৃহীত।

তৃতীয় বার ছাঁদনাতলায় আমির খান। রবিবার, ৫ জুলাই বিয়ে করতে চলেছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার সমুদ্রমুখী বাড়িতেই বসবে বিয়ের আসর। নেই জাঁকজমক। অনাড়ম্বর আয়োজনই পছন্দ হবু দম্পতির। ৭০ কোটির বা়ড়িতে এখন সাজোসাজো রব। ষাটোর্ধ্ব আমিরের সঙ্গে কী ভাবে দেখা হল গৌরীর?

Advertisement

আমির আর গৌরী আদতে ছোটবেলার বন্ধু। মাঝে কেটে গিয়েছে প্রায় আড়াই দশক। সময় বদলেছে। বদলেছে জীবনের সমীকরণও। কিন্তু কোনও কোনও সম্পর্কের গল্প যেন সঠিক সময়ে ফিরে আসার অপেক্ষায় থাকে। আমির এবং গৌরীর সম্পর্কও তেমনই এক কাহিনি। বহু বছর আগে পরিচয়, দীর্ঘ বিচ্ছেদ, তার পর আচমকা পুনর্মিলন— সেই পথ পেরিয়েই ৫ জুলাই ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা।

নবদম্পতিকে দেখার অপেক্ষায় দর্শক। ছবি: সংগৃহীত।

বলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের অন্যতম আমির কখনও ব্যক্তিগত জীবন নিয়ে সে ভাবে প্রকাশ্যে কথা বলেননি। নিজের কাজের বাইরে এমনিতেও সাদামাঠা থাকতেই পছন্দ করেন তিনি। তাই বিয়ের আয়োজনেও নেই আড়ম্বরের ছোঁয়া। পরিবার এবং অল্প কয়েক জন ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান অভিনেতা।

Advertisement

তবে এই সম্পর্ক আজকের নয়। প্রায় ২৫ বছর আগে এক পরিচিত সূত্রে প্রথম দেখা হয়েছিল আমির ও গৌরীর। আলাপ হয়েছিল, বন্ধুত্বও হয়েছিল। কিন্তু জীবনের ব্যস্ততা, কাজের চাপ এবং ভিন্ন পথে এগিয়ে চলার কারণে ধীরে ধীরে যোগাযোগ হারিয়ে যায়। একসময় দু’জনেই নিজেদের জীবনে সম্পূর্ণ ব্যস্ত হয়ে পড়েন।

কী ভাবে আলাপ হয় আমির-গৌরীর? ছবি: সংগৃহীত।

তারপর দীর্ঘ বিরতি। বছর কেটে যায়। সেই পুরনো পরিচয়ের কথা প্রায় স্মৃতির অতলেই চলে গিয়েছিল। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। বহু বছর পর আবার দেখা হয় তাঁদের। পুরনো কথোপকথন ফিরে আসে, নতুন করে শুরু হয় যোগাযোগ। তত দিনে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন আমির। তার ফলে গৌরীর সঙ্গে বন্ধুত্বের সেই সুতো ধীরে ধীরে আরও দৃঢ় হয়। সময়ের সঙ্গে একে অপরকে নতুন ভাবে চিনতে চিনতেই জন্ম নেয় ভালবাসা।

আমির একাধিক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, এই সম্পর্ক তাঁকে মানসিক স্থিরতা এবং স্বস্তি দিয়েছে। তাঁর কথায়, গৌরীর উপস্থিতি তাঁর জীবনে এক ধরনের শান্তি এনে দিয়েছে। সেই কারণেই সম্পর্ককে আর লুকিয়ে রাখতে চাননি তিনি।

গৌরী অবশ্য প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থাকতে পছন্দ করেন। বেঙ্গালুরু-নিবাসী গৌরী কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে আমিরের সংস্থার কাজেও সহযোগিতা করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও প্রকাশ্যে আলোচনা করতে দেখা যায়নি তাঁকে।

২০২৫ সালে নিজের জন্মদিনে প্রথম বার সংবাদমাধ্যমের সামনে গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। তখনই স্পষ্ট হয়ে যায়, বন্ধুত্বের সেই পুরনো গল্প নতুন পরিণতির দিকে এগোচ্ছে। এর পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনারই ইতি। ৫ জুলাই চারহাত এক হবে।

বড় আয়োজন নয়, সম্পর্কের গভীরতাকেই গুরুত্ব দিতে চাইছেন আমির ও গৌরী। হয়তো সেই কারণেই তাঁদের বিয়ের গল্পও অন্য অনেক তারকাপ্রেমের কাহিনির থেকে আলাদা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement