নায়কের সিদ্ধান্তের জেরে কী হল নায়িকার? ছবি: সংগৃহীত।
বড়পর্দার নায়ক হলে তাঁদের অনেক রকম বায়নাক্কা থাকে, এমনটাই শোনা যায় ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও প্রকাশ্যে এই বিষয় নিয়ে কেউই কোনও কথা বলতে চান না। তবে নায়কদের নানা বায়নাক্কার জন্য নাকি ভুগতে হয় নায়িকাদেরও। সম্প্রতি, এমনই এক পরিস্থিতির সম্মুখীন ও পার বাংলার অন্যতম আলোচিত নায়িকা। কী ঘটেছে?
নায়কের ‘ইচ্ছাপূরণ’ করতে না পারায়, ছবি থেকে বাংলাদেশি নায়িকার অর্ধেক দৃশ্য নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে। ও পার বাংলার প্রথম সারির নায়ক তিনি। শোনা যায়, পর্দার মতো বাস্তবজীবনেও অভিনেতা নাকি খুবই রঙিন। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, নায়ক নাকি নায়িকাকে তাঁর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী নাকি সটান না করে দেন। তাতেই নাকি বেশ গোলযোগ বেঁধেছিল।
যদিও প্রকাশ্যে এই বিষয়ে আলোচনা করতে রাজি নন কেউই। শোনা যাচ্ছে, ওই বাংলা ছবিতে আরও এক জন নায়িকা রয়েছেন। সেই অভিনেত্রীও যে ইন্ডাস্ট্রিতে অনেক দিন কাটিয়ে ফেলেছেন, তেমন নয়। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, অল্প দিনেই ও পার বাংলার খামখেয়ালি নায়কের ‘ঘনিষ্ঠ’ হয়ে উঠেছেন সেই দ্বিতীয় নায়িকা। যার ফলে ছবির অনেকটা জুড়ে জায়গা পেয়েছেন তিনি। দুই নায়িকার মধ্যে যে চাপানউতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, শুটিংয়ের সময়েই নাকি সেটা খানিক আন্দাজ করা যায়। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, ও পার বাংলার নায়কের প্রবল দাপট! তাই পরিচালক-প্রযোজক নন, তিনি যে ছবির অভিনেতা, সেই ছবিতে তাঁর সিদ্ধান্তই শেষ বলে মনে করা হয়।