বিয়ের এত বছর পর নিজের সম্পর্কে কেন এমন বললেন অভিষেক? ছবি: সংগৃহীত।
বহু বছর হল বড়পর্দায় কাজ কমিয়েছেন। তবু ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে উৎসাহের অন্ত নেই দর্শকের। গত কয়েক বছর ধরে তাঁর ও অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেঁড়া হয়েছে। তাঁদের দাম্পত্যজীবন নিয়ে নানা কথা রটেছে। তবু নীরব ছিলেন দম্পতি। কয়েক মাস আগে মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে সপরিবার হাজির হয়ে নিন্দকদের মুখ বন্ধ করেছেন ঐশ্বর্যা-অভিষেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, তাঁর নিজেকে ঐশ্বর্যার পাশে একেবারে কাঠের গুঁড়ির মতো মনে হয়।
অভিষেক এক সাক্ষাৎকারে জানান, ঐশ্বর্যার সঙ্গে লাল গালিচায় হাঁটতে গেলে তিনি ভয়ে কুঁকড়ে যান। তিনি অভ্যস্ত নন। ঐশ্বর্যা অভিনীত ‘সর্বজিৎ’ ছবির প্রিমিয়ারের লাল গালিচায় ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের অস্বস্তি ধরাও পড়েছিল ক্যামেরায়। সেই সময়ে অনেকেই ভেবেছিলেন, ঐশ্বর্যার সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে অভিষেকের। যদিও সত্যিটা স্বীকার করে অভিষেক বলেন, ‘‘ঐশ্বর্যার পাশে লাল গালিচায় হাঁটতে ভয় লাগে। ও তো এই বিষয়ে খুব ভাল। আমার নিজেকে যেন কাঠের গুঁড়ি মনে হয়। তাই ওর পাশে থাকলে শুধু পকেট হাত ঢুকিয়ে রাখি। আর চিত্রগ্রাহকেরা বলে একটু হাসুন। আমার খুব অস্বস্তি হয়, অদ্ভুত লাগে।’’
অভিষেক আরও জানান, চিত্রগ্রাহকেরা প্রায়ই রসিকতা করে বলেন, ‘‘আমরা কী দোষ করেছি, হাসছেন না কেন?’’ আসলে ঐশ্বর্যা এতটাই ভাল যে, তিনি সেখানে কী করবেন সেটাই বুঝে উঠতে পারেন না অভিষেক।