দিব্যজ্যোতির জীবনে কি প্রেম উঁকি দিল? ছবি: সংগৃহীত।
ফেব্রুয়ারিতেই প্রকাশ্যে এসেছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং দিব্যাণী মণ্ডলের প্রথম ছবির ঝলক। যা দেখে অনেকে এই জুটির রসায়ন বাস্তবেও পরিকল্পনা করে ফেলেছে। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক যখন সম্প্রচারিত হয়েছিল, সেই সময় সূর্য-দীপার জুটি নিয়েও আলোচনা হয়েছিল। এখন দিব্যজ্যোতির ‘রিলেশনশিপ স্টেটাস’ কী? তিনি কি আদৌ কোনও সম্পর্কে রয়েছেন?
অভিনেতার স্পষ্ট উত্তর, তিনি কোনও সম্পর্কে নেই। কখনও ছিলেনই না? নাকি এখন কোনও সম্পর্কে নেই দিব্যজ্যোতি? অভিনেতা বলেন, “কখনও প্রেমে পড়িনি, এ কথা বলব না। প্রেমে পড়েছি। কিন্তু সে ভাবে সম্পর্কে জড়িয়েছি, তা নয়।” সময়ের উপর পুরোটা ছেড়ে দিতে চান অভিনেতা। তিনি এখনই এ সব নিয়ে ভাবতে চাইছেন না। বরং এখন তিনি পড়াশোনা এবং শরীরচর্চায় বেশি মনোযোগ দিচ্ছেন।
কর্মক্ষেত্রে নায়ক-নায়িকাদের প্রেম নিয়ে বিপুল আলোচনা হয়েই থাকে। অভিনয় করতে গিয়ে কি কখনও কারও প্রতি ভাললাগা তৈরি হয়নি অভিনেতার? দিব্যজ্যোতি উত্তরে বলেন, “কাজের জায়গায় আমি ঠিক ওই ভাবেই থাকি। কোনও ভাবেই এমন কোনও পরিস্থিতি তৈরি হতে দিইনি, যেখানে এমন সমীকরণ তৈরি হতে পারে।” তাই আপাতত নায়ক ‘সিঙ্গল’। মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রে ‘অবজ়ার্ভার’ হিসাবে কাজ করবেন। তার পরে শুরু হবে তাঁর প্রেমের ছবির কাজ।