ছোটপর্দা থেকে কেন দূরে গৌরব? ছবি: সংগৃহীত।
তাঁকে শেষ বার ছোটপর্দায় ‘পুবের ময়না’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তার পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। এই মুহূর্তে একের পর এক ছবিতে সই করছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। শীঘ্রই ‘দ্য ক্যালকাটা ফাইল্স’-এর শুটিং শুরু করবেন তিনি। ছবির পরিচালনা করছেন শৌভিক দে। তা হলে কি আর তাঁকে ছোটপর্দায় দেখা যাবে না?
সকলের মনেই এই প্রশ্ন ঘুরছে। মাঝে তাঁকে দেখা গিয়েছিল ‘রঙ্কিনী ভবন’ ওয়েব সিরিজ়ে। যেখানে শ্যামৌপ্তি মুডলীর সঙ্গে তাঁর জুটি প্রশংসিতও হয়েছিল। তবে এখনই ছোটপর্দায় কাজ করার জন্য যে সময়টা দেওয়া প্রয়োজন, তা গৌরবের কাছে নেই। অভিনেতা বললেন, “শিল্পী হিসাবে বিভিন্ন মাধ্যমে কাজ করার ইচ্ছা তো থাকবেই। আর ছোটপর্দায়ও কাজ করব। কেন করব না? কিন্তু এটা ঠিক যে, মাসের ৩০ দিন এখনই ছোটপর্দায় দিতে পারব না। কারণ, পর পর বেশ কিছু ছবি রয়েছে আমার হাতে।”
‘দ্য ক্যালকাটা ফাইল্স’ ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এ ছাড়া ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, লাবণী সরকারের মতো অভিজ্ঞ শিল্পীরাও। কিন্তু ছোটপর্দায় কাজ করলে যে আর্থিক স্বচ্ছলতা পাওয়া যায়, তা অন্য মাধ্যমে কাজ করেও কি পাওয়া সম্ভব? এই প্রেক্ষিতে অভিনেতার উত্তর, “আমি প্রথমে থিয়েটার করতাম। তার পর ছোটপর্দায় অভিনয় শুরু করি। ১৪ বছরের অভিনয়জীবন আমার। কোনও দিন ভাবিইনি যে, ছোটপর্দায় সফল হব।”
এই মুহূর্তে তাই ভাল কাজেই মন দিতে চান গৌরব। আরও একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা তাঁর। এ ছাড়াও সম্প্রতি ‘অন্তরাল’ বলে একটি ছবির শুটিং শেষ করেছেন গৌরব।