কোন কাহিনি শোনালেন দীপিকা? ছবি: সংগৃহীত।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ দীপিকা কক্কর। অনেক দিন হল ক্যানসারের চিকিৎসা চলছে অভিনেত্রীর। সম্প্রতি, তাঁর দ্বিতীয় ইমিউনোথেরাপি হয়েছে। কিন্তু এই কঠিন সময় শুধু দীপিকার শারীরিক লড়াইকেই কঠিন করে তোলেনি, গভীর প্রভাব ফেলেছে ছেলে রুহানের মনেও। সেই কথাই সাম্প্রতিক এক ভ্লগে ভাগ করে নিলেন দীপিকা ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম।
শোয়েব জানান, দ্বিতীয় ইমিউনোথেরাপির জন্য দীপিকাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। চিকিৎসা দীর্ঘ সময় ধরে চলবে বলে দীপিকাকে হাসপাতালে রেখেই বাড়িতে ছেলের কাছে ফিরতে হয়। শোয়েবের কথায়, গত এক মাস মা বাড়িতে থাকায় রুহান মায়ের সঙ্গে অনেক বেশি সময় কাটিয়েছে। তাই এখন মায়ের হাসপাতালে যাওয়ার কথা শুনলেই সে ভীষণ অস্থির হয়ে পড়ে।
দীপিকাও জানান, গত কয়েক সপ্তাহে ছেলের মধ্যে স্পষ্ট পরিবর্তন এসেছে। দীর্ঘদিন বাড়ির স্বাভাবিক পরিবেশ না থাকা এবং বার বার হাসপাতালে যেতে হওয়ায় রুহান নিজেকে একা অনুভব করছে। তাই সে আগের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। তাই তাঁরা যতটা পারছেন ছেলেকে সময় দিচ্ছেন।
এর আগেও নিজের অসুস্থতা নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন দীপিকা। তিনি জানিয়েছিলেন, শারীরিক ক্লান্তি এবং চিকিৎসার কারণে অনেক সময়ে ছেলেকে প্রয়োজনমতো সময় দিতে পারেন না। কখনও হাসপাতাল, কখনও আবার অতিরিক্ত ক্লান্তিতে বিশ্রাম—সব মিলিয়ে আগের মতো স্বাভাবিক জীবনযাপন সম্ভব হচ্ছে না। তাঁর কথায়, গুরুতর অসুস্থতা মানুষের দৈনন্দিন জীবন, দায়িত্ব এবং অগ্রাধিকার—সবকিছুকেই বদলে দেয়।
এ দিকে পরিবারের জন্য কিছুটা স্বস্তির খবরও এসেছে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে টানা ৩৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছেন শোয়েব ইব্রাহিমের বাবা। শোয়েব জানান, তাঁর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষ করে শরীরের ডান দিক আগের তুলনায় ভালো সাড়া দিচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে এখনও সতর্ক থাকতে হবে।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন এই তারকা দম্পতি। সম্প্রতি মুক্তি পেয়েছে শোয়েব ইব্রাহিমের নতুন গান। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি নিজের পোশাকের ব্যবসা এবং ইউটিউব কনটেন্ট তৈরিতে মনোযোগ দিচ্ছেন দীপিকা।