নতুন সরকারের থেকে কী আশা দেবের? ছবি: সংগৃহীত।
রাজ্যে পালাবাদল হয়েছে এখনও এক মাসও হয়নি। টালিগঞ্জের বিধায়কপদে নির্বাচিত হওয়ার পরে পাপিয়া অধিকারী জানিয়েছেন, আর কোনও রাজনীতির ছায়া পড়বে না শিল্পমহলে। বার বার একটাই প্রশ্ন উঠছে, টালিগঞ্জে কী কী বদল আসবে? এই প্রক্ষিতেই প্রশ্নের সম্মুখীন অভিনেতা তথা প্রযোজক-তৃণমূল সাংসদ দেব।
ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্র অভিনীত ‘ফেরা’র বিশেষ প্রদর্শনীতে প্রশ্নের সম্মুখীন তিনি। ‘ফেরা’র টিমকে শুভেচ্ছা জানান দেব। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, টলিউডের বিভিন্ন ঝামেলায় বরাবর সরব হয়েছেন তিনি। সঙ্গে টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করার জন্য উদ্যোগী হয়েছিলেন তিনি। রুদ্রনীল ঘোষ-সহ নতুন সরকারের কাছে কী আশা করছেন?
দেব বললেন, “আমি এখনও জানি না এই বিষয়ে। আগের সরকারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে আমি জানতাম। নতুন সরকার এসেছে এক মাসও হয়নি। এই সরকারকে সময় দেওয়া হচ্ছে। সুযোগ দেওয়া হচ্ছে। সিস্টেম নতুন। মন্ত্রিসভা এখনও পুরোপুরি ঘোষণা হয়নি। আমার বিশ্বাস, এই সরকার ভাল কাজ করবে। কাজ বাড়বে। সরকারের প্রতি বিশ্বাস আছে। সবাইকেই ধৈর্য রাখতে বলব। সরকার চালানো এত সহজ বিষয় নয়। এক মাসের মধ্যে সব ফল পেয়ে যাব, এটা ভাবলে চলবে না।” তাঁর কথায়, নতুন সরকারকে অন্তত এক বছর সময় দেওয়া উচিত। দেবের স্পষ্ট কথা, “আমার মনে হয়, গত সরকারের তুলনায় এই সরকার অন্তত আমাদের ইন্ডাস্ট্রির কথা বেশি ভাববে। আমাকে যে ভাবে ভুগতে হয়েছে, সেটা এখন হবে না বলেই আমার বিশ্বাস।”
দেবের মতে গোটা বিশ্ব জুড়ে যে অশান্তি চলছে তা বন্ধ হওয়া উচিত। কারণ, তাতে মূলত ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেই।