Producer Parno

‘জীবন একটাই আর বড্ড ছোট, তাই যা যা ভাল লাগে করব’! বললেন কার্যনির্বাহী প্রযোজক পার্নো

“আমি খুব ভাল ‘মাল্টিটাস্কার’। একসঙ্গে অনেক কাজ সামলাতে পারি। সমস্যা হয় না। তাই একসঙ্গে অনেক কিছু করতে চাই।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২০:৪২
Share:

প্রযোজনায় পার্নো মিত্র। ছবি: ফেসবুক।

এক জন নারী ক্যানসারের সঙ্গে লড়ছেন। লন্ডনের বুকে তাঁর পাঁচটি রেস্তরাঁ ছিল। তিনিই দুই নারীর গল্প বলতে ছোট ছবি বানিয়ে ফেলেছেন। কিন্তু ছবির প্রযোজক নেই! তার উপরে ওই নারী বাঙালি। আর এক জন নারী এত কিছু জানার পর কি পিছিয়ে যাবেন? মানবিকতা বলে, পিছিয়ে তো যাবেনই না। উল্টে তিনি এসে পাশে দাঁড়াবেন ওই লড়াকু নারীর।

Advertisement

সেটাই করলেন পার্নো মিত্র। পরিচালক শ্রীময়ী চক্রবর্তী দুই নারীর জীবনযুদ্ধের গল্প বলেছেন ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ নামে ছোট ছবিতে। সেই ছবির কার্যনির্বাহী প্রযোজক পার্নো! ছবিটি চলতি মাসে কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। দুই সাঁওতাল রমণী অঙ্কিতা আর বিনুর জীবিকা মহুয়া তৈরি এবং বিক্রি। দুই নারীর এক জনের স্বপ্ন, পুরুষ হিসাবে বাঁচার। তাঁদের দেখা সাহসী স্বপ্নই ছবির পটভূমিকায়। এই ছবির কার্যনির্বাহী প্রযোজক পার্নো। এ ভাবেই তিনি পা রাখলেন প্রযোজনার দুনিয়ায়। খবর ছড়াতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, চিত্রাঙ্গদা, শতরূপা প্রমুখ।

শ্রীময়ীর সঙ্গে কী ভাবে যোগাযোগ হল পার্নোর? কেনই বা রাজি হলেন? কী কী দায়িত্ব পালন করতে হল তাঁকে?

Advertisement

নতুন প্রযোজককে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। পার্নোর কথায়, “শ্রীময়ীর লড়াইয়ের গল্প শুনেছি। ওঁর লেখা গল্পে তৈরি ওঁর ছবি আমায় অনুপ্রাণিত করেছে। যে কোনও ভাল কাজের সঙ্গে সব সময় আছি। বলতে পারেন, ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ডলাইফ’ দিয়ে সেই কাজ শুরু হল।” ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস এবং আদ্যা ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছে শ্রীময়ী চক্রবর্তী ও ওম সিংহ। পার্নোর সঙ্গে এই ছবির সহ-কার্যনির্বাহী প্রযোজক রুশা বসু। এ ছাড়াও, এই ছবির সঙ্গে যুক্ত রাধিকা পিরামল এবং নীরজ চুড়ির মতো ব্যক্তিত্বও। যাঁরা সানড্যান্স গ্র্যান্ড জুরি বিজয়ী ‘ক্যাকটাস পিয়ার্স’ এবং অস্কারের জন্য মনোনীত ‘হোলি কার্স’-এর প্রযোজক।

টিম ‘স্পিরিট ওফ ওয়াইল্ড লাইফ’। ছবি: সংগৃহীত।

ইদানীং অভিনেতারা প্রযোজনায় ঝুঁকছেন। পার্নোও কি আগামী দিনে বড় ছবি প্রযোজনা করবেন? “কেন নয়”? সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন তাঁর। অভিনেত্রী-রাজনীতিক বললেন, “দেখুন, জীবন একটাই। আর খুবই ছোট। তাই এক জন্মেই সব ভাল কাজ করে যেতে চাই।” তিনি যে আগামী দিনে ব়ড় ছবিও প্রযোজনা করবেন, সে ইচ্ছাও প্রকাশ করলেন একই সঙ্গে। অভিনয়, প্রযোজনার সঙ্গে রাজনীতি! সম্পূর্ণ ভিন্ন মেরু। এক জীবনে একসঙ্গে এত কিছু কি সামলানো যায়? প্রশ্ন শুনে মৃদু হাসি পার্নোর। বললেন, “ছোট থেকে দায়িত্ব সামলেছি। তাই একসঙ্গে অনেক কাজ করতে পারি। আমি খুব ভাল ‘মাল্টিটাস্কার’। এত কিছু সামলাতে তাই সমস্যা হয় না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement