Bhole Baba Par Karega Serial

‘ভোলেবাবা পার করেগা’, ‘চিরসখা’ বন্ধ হওয়ার প্রায় দু’মাস পার, নতুন ধারাবাহিকে ফিরছেন শিঞ্জিনী?

লীনার প্রযোজিত ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারি গিয়েছিলেন রাহুল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। তার পরেই বন্ধ হয়ে যায় দু’টি ধারাবাহিক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:৪৭
Share:

নতুন ভাবে ধারাবাহিকে ফিরছেন শিঞ্জিনী চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

২০২৫ সালের জানুয়ারি মাস থেকে টানা লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিকে কাজ করেছেন শিঞ্জিনী চক্রবর্তী। তার আগে লীনার ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজিত ধারাবাহিকে কাজ করেছিলেন। ২০২৬-এর মার্চে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর জেরে বন্ধ হয় লীনার দুই ধারাবাহিকই। সেই দুই গল্পেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রীকে দেখা গিয়েছিল। কলকাতায় লীনার প্রযোজনা সংস্থার কাজ স্থগিত হয়ে যাওয়ায় কার্যত অনেকেরই অনিশ্চয়তা দেখা গিয়েছিল। সেই সব কাটিয়ে নতুন ধারাবাহিকে ফিরছেন শিঞ্জিনী।

Advertisement

লীনার প্রযোজিত ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারি গিয়েছিলেন রাহুল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। এই প্রেক্ষিতেই শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যা খুবই বড় আকার ধারণ করে। দফায় দফায় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়, রাহুলের মৃত্যুর কিনারা না হওয়া পর্যন্ত লীনার সংস্থা বা লেখিকা হিসেবে যুক্ত আছেন এমন কোনও কিছুর সঙ্গে আপাতত কাজ করবেন না কোনও শিল্পী এবং টেকনিশিয়ান। ফলে রাতারাতি বন্ধ করে দেওয়া হয় দুই ধারাবাহিক—‘ভোলেবাবা পার করেগা’ এবং ‘চিরসখা’।

দুই ধারাবাহিকেই দুই ধরনের চরিত্রে ধরা দিয়েছিলেন শিঞ্জিনী। তার পর প্রায় দু’মাস কেটে গিয়েছে। ‘চিরসখা’ ধারাবাহিকের মুখ্যচরিত্র অপরাজিতা ঘোষ নতুন কাজে মন দিয়েছেন। এ বার শিঞ্জিনীও শুরু করছেন নতুন ধারাবাহিকের কাজ। তাঁকে দেখা যাবে ‘কুমকুম’ ধারাবাহিকে। ছোটপর্দাক খলনায়িকা হিসাবেই নিজের পরিচিতি গড়েছেন তিনি। ‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে যদিও নায়িকা হিসাবেই অভিনয়জীবন শুরু করেছিলেন শিঞ্জিনী। তবে তার পর থেকে খলচরিত্র না হলে পার্শ্বচরিত্রেই দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

নতুন শুরুর প্রসঙ্গে শিঞ্জিনী বললেন, “এই জগতে যে দিন থেকে পা দিয়েছি, তখন থেকেই জানি পুরোটাই অনিশ্চয়তা। তাই ধৈর্য ধরে ছিলাম। ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলাম। সেই সময় পরিস্থিতি হয়তো আলাদা ছিল। কিন্তু আমাদের পেশায় এই কথা তো জানা, যে কখন কোন ধারাবাহিক বন্ধ হয়ে যাবে তা জানা থাকে না। ফলে সেই মানসিক প্রস্তুতি আমার বরাবরই ছিল।”

প্রসঙ্গত, নতুন কাহিনিতে নায়কের প্রিয় বান্ধবীর চরিত্রে দেখা যাবে শিঞ্জিনীকে। যার বড় ব্যবসা আছে। নায়কের মতোই। তবে এখনই তাঁর চরিত্রে নেতিবাচক দিকে ঘুরবে নাকি ইতিবাচকই থাকবে তা বলা কঠিন। পরবর্তীকালে নায়কের সঙ্গে তাঁর সমীকরণও দেখা যেতে পারে বলে ধারণা অন্দরের একাংশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement