রাহুলের অকালমৃত্যু, তাই বন্ধ হচ্ছে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক। ছবি: সংগৃহীত।
মঙ্গলবার থেকে নাকি বন্ধ হচ্ছে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের সম্প্রচার। এই ধারাবাহিকের শুটিং করতেই তালসারি গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। সংশ্লিষ্ট চ্যানেল সূত্রে খবর, রাহুলের অবর্তমানে ধারাবাহিকটি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মঙ্গলবার থেকে কাহিনির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাহুলের আকস্মিক মৃত্যুকে ঘিরে তোলপাড় হয়ে গিয়েছে টলিপাড়া। ২৯ মার্চ অভিনেতার মৃত্যুর ঘটনা তুলেছে অনেক প্রশ্ন। শুটিংয়ের নিরাপত্তা নিয়েও চলছে আলোচনা। কয়েক মাস হল শুরু হয়েছিল এই ধারাবাহিকের শুটিং। রাহুল এবং শ্বেতা মিশ্রের সমীকরণও নজরে এসেছিল দর্শকের। তালিসারির ঘটনা সবকিছু ওলটপালট করে দিয়েছে।
প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্’-এর বিরুদ্ধে কলকাতার রিজেন্ট পার্ক থানায় গত শনিবার এফআইআর করেন ‘আর্টিস্ট ফোরাম’-এর সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। সেই দিন রাতেই কলকাতা থেকে দিঘার অদূরে তালসারি থানায় গিয়ে এফআইআর করেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
এত কাণ্ডের মাঝেই নতুন শিল্পীদের নিয়ে শুটিং শুরু হয়ে যায় ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের তৃতীয় সিজ়নের শুটিং। কয়েকটি দৃশ্য নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় বিপুল সমালোচনা। সকলের প্রশ্ন, কী করে নতুন ভাবে শুটিং হচ্ছে ওই ধারাবাহিকের? সূত্রের খবর, আর এই শুটিং এগোবে না। মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে যাবে সম্প্রচার। এই ঘটনার পরে অম্বরীশ ভট্টাচার্য এবং রেশমি সেন ইতিমধ্যেই এই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।