শুরু হয়ে গেল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের তৃতীয় সিজ়ন। ছবি: সংগৃহীত।
‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের দ্বিতীয় সিজ়নে অভিনয় করছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকের শুটিংয়েই তালসারিতে গিয়েছিলেন রাহুল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সেখানে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এক সাক্ষাৎকারে গল্পের লেখিকা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই ধারাবাহিক আর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই তাঁর।
এই ঘটনার পরে এক সপ্তাহের মাথায় সম্প্রচার শুরু হল ‘ভোলেবাবা পার করেগা’র নতুন কাহিনির! বদলে গেল পুরো গল্প। ‘মুভিটোন স্টুডিয়ো’-এ এক সপ্তাহ আগে ওই ফ্লোরে দাঁড়িয়েই শট দিয়েছিলেন রাহুল। তিন দিনের মধ্যে বদলে গেল চিত্রনাট্য। রাহুলের আকস্মিক মৃত্যুর শোক কাটেনি, এই মধ্যেই নতুন ভাবে সাজানো হল কাহিনি। এল একাধিক নতুন চরিত্র। সিজ়ন তিনে দুই বোনের কাহিনি। তার মধ্যে নেতিবাচক চরিত্রে যিনি রয়েছেন, তাঁর নাম বর্ণিনী চক্রবর্তী। আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে।
বর্ণিনী জানিয়েছেন, যে দিন থেকে নতুন কাহিনির সম্প্রচার শুরু হয়েছে, তার এক দিন আগেই তাঁকে হঠাৎ করে ডেকে পাঠানো হয় প্রযোজনা সংস্থার তরফে। তিনি বলেন, “আমরা ‘ফ্রিল্যান্স’ কাজ করি। ভাল সুযোগের অপেক্ষায় থাকি। তাই তেমন সুযোগ এলে রাজি হব, এটাই স্বাভাবিক। আমার সঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের কথা হয়নি। হঠাৎই ডেকে পাঠানো হয়েছিল। ‘লুক’ সেট হল। শুটিং শুরু হয়ে গেল। ব্যস, এটুকই। কিন্তু, ফ্লোরে কারও মন ভাল নেই। শুধুমাত্র কাজ চালিয়ে যেতে হবে বলে করা হচ্ছে। আর কিছু নয়।”
অভিনেত্রী জানিয়েছেন, আগামী দিনে এই গল্প কতদূর এগোবে, শুটিং হবে কি হবে না, কিছুই তাঁর জানা নেই। যেমনটা প্রযোজনা সংস্থার তরফে জানানো হবে, তেমনই করবেন। অভিনেত্রী জানিয়েছেন, গোটা সংসারের দায়িত্ব তাঁর কাঁধে। ফলে সুযোগ এলে সংসার চালানোর জন্য তাঁকে অভিনয় চালিয়ে যেতে হবে। তাই যেমন সুযোগ পেয়েছেন, সেই ভাবে গ্রহণ করেছেন। নতুন দুই অভিনেত্রীকে দেখা গেলেও, নায়ক হিসাবে কাকে দেখা যাবে? সে কথা এখনও জানা যায়নি।