UCC in Assam

একত্রবাসের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পথে অসমও, অভিন্ন দেওয়ানি বিধির বিল পেশ! বিরোধিতায় কংগ্রেস, তৃণমূল

সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হয়ে বিধানসভায় বিলটি পেশ করেন সে রাজ্যের পরিষদীয় মন্ত্রী অতুল বোরা। হিমন্তের কথায়, এই বিলটি অসমে একত্রবাসের সম্পর্ককে প্রথম বারের জন্য আইনি কাঠামোর আওতায় আনছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১১:৫৯
Share:

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। —ফাইল চিত্র।

একত্রবাসের রেজিস্ট্রেশন এ বার বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে অসমের বিজেপি সরকারও। সোমবার অসমের বিধানসভায় পেশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির বিল। তাতে যে নিয়মগুলির কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে একত্রবাস সংক্রান্ত বিধিও। এর আওতায় একত্রবাসে থাকা যুগলকে রেজিস্ট্রেশন করাতে হবে। পাশাপাশি বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়েরও উল্লেখ রয়েছে অসমের অভিন্ন দেওয়ানি বিধিতে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং রাইজোর দল-সহ বিরোধী দলগুলি এই বিল পেশের বিরোধিতা করেছে। বিল পেশের আগে সব পক্ষকে নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছে তারা।

Advertisement

সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হয়ে বিধানসভায় বিলটি পেশ করেন সে রাজ্যের পরিষদীয় মন্ত্রী অতুল বোরা। পিটিআই জানাচ্ছে, এই বিলের অন্যতম লক্ষ্য হল বহুবিবাহ নিষিদ্ধ করা এবং একত্রবাসের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা। বিলের উদ্দেশ্য এবং কারণ সম্পর্কে এক বিবৃতিতে হিমন্ত উল্লেখ করেছেন, এর লক্ষ্য হল বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং একত্রবাস সম্পর্কিত বিধিগুলিকে আরও সুসংহত এবং সরল করা। এই বিলে বহুবিবাহ নিষিদ্ধের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি বিয়ের জন্য পুরুষদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মহিলাদের ন্যূনতম বয়স ১৮ বছর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্তের কথায়, “এই বিলটি অসমে একত্রবাসের সম্পর্ককে প্রথম বারের জন্য আইনি কাঠামোর আওতায় আনছে। সম্পর্কের বাধ্যতামূলক নথিভুক্তিকরণের মাধ্যমে এই আইনটি একত্রবাসের সঙ্গীর অধিকার রক্ষা করবে। একই সঙ্গে এই ধরনের সম্পর্ক থেকে জন্ম হওয়া কোনও সন্তানের অধিকারকেও স্বীকৃতি দেবে এবং সুরক্ষিত করবে।” তবে এই অভিন্ন দেওয়ানি বিধি অসমে বসবাসকারী তফসিলি জনজাতির ক্ষেত্রে কার্যকর হবে না বলেও জানিয়েছেন হিমন্ত।

Advertisement

উল্লেখ্য, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন, অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের ক্ষেত্রে কার্যকর হবে না। তিনি আশ্বস্ত করেন, এই বিধি কোনও ভাবেই আদিবাসীদের জীবনকে প্রভাবিত করবে না। একই সঙ্গে তিনি এ-ও অভিযোগ তোলেন যে এ বিষয়ে ‘ষড়যন্ত্রমূলক ভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে’। তিনি বলেন, “এখন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। বলা হচ্ছে, অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের সংস্কৃতি, ঐতিহ্য এবং তাদের নিজস্ব রীতিরেওয়াজ পালনের অধিকারকে কেড়ে নেবে। আমি স্পষ্ট করে দিতে চাই যে অভিন্ন দেওয়ানি বিধির কোনও নিয়ম আদিবাসীদের উপর চাপিয়ে দেওয়া হবে না।”

গত বছরের জানুয়ারিতে বিজেপিশাসিত উত্তরাখণ্ডে প্রথম কার্যকর হয় অভিন্ন দেওয়ানি বিধি। তার পরে গুজরাতেও এই সংক্রান্ত বিল পাশ হয় গত মার্চে। এ বার অসমেও পেশ হল অভিন্ন দেওয়ানি বিধির বিল। অসমের ১২৬ আসনের বিধানসভায় বিজেপির ৮২ জন বিধায়ক রয়েছেন। কংগ্রেসের রয়েছেন ১৯ জন বিধায়ক। তৃণমূল এবং রাইজোর দলের রয়েছেন যথাক্রমে একজন এবং দু’জন বিধায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement