Soumili Biswas

তৃণমূলের পাশে না থাকায় ইন্ডাস্ট্রিতে একটা শ্রেণির মানুষকে ভুগতে হয়েছে, এ বার স্বস্তি মিলবে আশা করি: সৌমিলি

৯ মে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের দিন ব্রিগেডে অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের উপস্থিতিকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ২১:২০
Share:

শপথগ্রহণের মঞ্চে জিৎ, মমতাশঙ্করের সঙ্গে সৌমিলি। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সৌমিলি বিশ্বাসকে কিছু দিন আগেও কোনও রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। তবে ৯ মে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের দিন ব্রিগেডে অভিনেত্রীর উপস্থিতিকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠেছে। তা হলে কি এ বার বিজেপিতে নাম লেখালেন অভিনেত্রী?

Advertisement

সৌমিলির সঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়। তিনি বলেন, “না, একেবারেই এই রকম কোনও পরিকল্পনা নেই রাজনীতিতে যোগ দেওয়ার। তবে আমরা সবাই চাই ভাল হোক। বলতে বাধা নেই, ইন্ডাস্ট্রির একটা শ্রেণির মানুষকে অনেক ভুগতে হয়েছে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, যাঁরা তৃণমূলের পাশে থাকেননি, তাঁদের অনেক ভুগতে হয়েছে। অনেক কিছু নিয়েই ভুগতে হয়েছে। গত ১৫ বছরে যা যা ক্ষতি হয়েছে, আশা করি বিজেপি সরকার আসার পরে সবাই স্বস্তি পাবেন। শিল্পীদের উপরে রাজনীতির কোনও ছাপ পড়বে না।”

এই কারণেই সেই দিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সৌমিলি-সহ অনেকেই। অভিনেত্রী যোগ করেন, “এই উপস্থিতি নিয়ে যদি কেউ নেতিবাচক মন্তব্য করেন, এটা তো নিজেদের ভাবনার উপরে নির্ভর করছে। আমরা পরিচিত বলে তাই অনেক কিছু মনে হচ্ছে।”

Advertisement

সৌমিলির মতে, শিল্পীদের গায়ে কোনও রাজনৈতিক রং না লাগানো উচিত। এর আগে প্রচারের জন্য অনেক বারই বলা হয়েছে তাঁকে। কিন্তু নৈতিক ভাবে তিনি যাননি। আগামী দিনেও রাজনৈতিক মঞ্চে থাকার কোনও ইচ্ছা নেই। শিল্পী হিসাবে কোনও বিশেষ অনুষ্ঠানে থাকতে হলে হয়তো থাকবেন। কিন্তু নির্বাচনী প্রচার বা এই ধরনের মঞ্চে উপস্থিত থাকার কোনও বাসনা নেই তাঁর এই মুহূর্তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement