‘ধুরন্ধর ২’-এর প্রদর্শনে সমস্যা, কী করলেন আদিত্য ধর? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
‘ধুরন্ধর ২’ মুক্তির ঠিক আগের দিন প্রকাশ্যে ক্ষমা চাইলেন আদিত্য ধর। ১৯ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা। আগেই ঘোষণা করা হয়েছিল, বিশেষ উপায়ে ১৮ মার্চ থেকেই দেখা যাবে এই ছবিটি। এই দিন ছবি দেখার জন্য আগে থেকে টিকিট কাটতে হবে, জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে দেখা গিয়েছে প্রযুক্তিগত কিছু সমস্যা। যার জন্য ছবিমুক্তির আগেই দীর্ঘ বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন আদিত্য।
‘ধুরন্ধর’-এর পরিচালক লিখলেন, “এটা শুধু আমাদের কাছে একটা ছবিই নয়। এই ছবির মধ্যে আমাদের জীবনের অনেকটা সময় কেটেছে। প্রতিটি ভাষায় এই ছবির অভিজ্ঞতা আমরা পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি।”
তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় এই ছবিটি মুক্তি দেওয়া যায়নি শেষ মুহূর্তে। টিকিট কেটেও ছবি দেখতে পারেননি অনেকে। এই প্রসঙ্গে আদিত্য ক্ষমা চেয়ে লেখেন, “এই সমস্যার জন্য আমরা সত্যিই ক্ষমাপ্রার্থী।”
বিবৃতিতে তিনি আরও লেখেন, “হিন্দি সংস্করণগুলি কথামতোই বিকেল ৫টা থেকে চলছে। তামিল ও তেলুগু সংস্করণগুলি রাত ৯টা থেকে দেখা যাবে।” কিন্তু মলয়ালম ও কন্নড় সংস্করণ চালানোর ক্ষেত্রে যে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে, তা আরও জটিল। তাই এই দুই ভাষায় বৃহস্পতিবার সকাল থেকে ছবি দেখা যাবে বলে জানান আদিত্য।
যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটেছেন, তাঁদের কী হবে? আদিত্য জানিয়েছেন টিকিট ফেরত দিলে টাকাও ফেরত পাবেন দর্শক। অথবা তাঁরা হিন্দি সংস্করণটিও দেখতে পারেন, সেখানে সাবটাইটেল পেয়ে যাবেন। সব শেষে তিনি আবার লিখেছেন, “এই সমস্যার জন্য ক্ষমা চাইছি। আপনারা এই ছবিকে যে ভাবে ভালবাসা দিয়েছেন, তা আমাদের কাছে একটা পৃথিবীর সমান। আমরা এই ছবি আপনাদের দেখানোর জন্য অধীর আগ্রহে রয়েছি।”