(বাঁ দিকে) অক্ষয় কুমার, (ডান দিকে) ফরাহ খান। ছবি: সংগৃহীত।
মাথায় টাক পড়েছে অক্ষয় খন্নার, তা নিয়ে নাকি পর্দায় আসতে পারবেন না তিনি। প্রযোজকের কাছে তাই পরচুলা পরে শুটিং করার দাবি রাখেন। রাজি হননি ‘দৃশ্যম ৩’ ছবির প্রযোজক। ওই ছবিতে থাকছেন না তিনি। তবে অক্ষয়কে নিয়ে সমস্যা নাকি নতুন নয়। সম্প্রতি পরিচালক ফরাহ খান জানান, অক্ষয়ের সঙ্গে নাকি কাজ করা যায় না। অক্ষয়ের কোনও ছবিতে তাই ফরাহ কাজ করতে চাইতেন না।
‘ধুরন্ধর’ ছবিতে রহমান বালোচের চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দেন অক্ষয়। তাঁর নাচ থেকে সংলাপ, সবই এখন ভাইরাল। একাধিক ছবির প্রস্তাব রয়েছে তাঁর কাছে। তবে ‘ধুরন্ধর’ মুক্তির পরে তাঁকে নিয়ে নাকি সমস্যায় পড়েছেন অন্য পরিচালক-প্রযোজকেরা। ফরাহের ‘তিস মার খান’ ছবিতে কাজ করেছেন অক্ষয়। ফরাহের মতে, ‘‘সেটে অক্ষয় মোটেই ভাল মানুষ নন। সংলাপ পড়তে পড়তে প্রায়ই বিরক্তি প্রকাশ করেন। আসলে নব্বইয়ের দশকে অনেকগুলো ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তখনই দেখতাম, ভীষণ বিরক্ত খিটখিটে হয়ে থাকতেন। তখন ওঁর চুল পড়ে যাচ্ছিল বলেই নাকি ওরকম হয়ে থাকতেন। পরের দিকে তাই কোনও ছবিতে যদি দেখতাম অক্ষয় রয়েছেন, সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিতাম। বলতাম, ‘আমার সময় নেই’!’’
তবে ফরাহ এ-ও জানান যে, ফারহান আখতারের ‘দিল চাহতা হ্যায়’ ছবির সময় থেকে অক্ষয়ের মধ্যে ইতিবাচক বদল দেখতে শুরু করেন তিনি। সেই কারণে পরবর্তী কালে নিজের ছবিতেও অক্ষয়কে নিয়েছিলেন ফরাহ।