Anupam-Abir Will Be In Same Bengali Film?

বাংলা ছবি নিয়ে মুখোমুখি অনুপম খের, ফিরদৌসল হাসান! আবীরও সেই ছবিতে? মুখ খুললেন প্রযোজক

লম্বা আড্ডা। দফায় দফায় আলোচনা। বাংলা ছবি নিয়ে কোন কোন দিক উঠে এল?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮
Share:

আবীর চট্টোপাধ্যায় এবং অনুপম খের কি আগামীতে পর্দা ভাগ করবেন? ছবি: ফেসবুক।

অনুপম খের ও ফিরদৌসল হাসান। দু’জনে অনেক দিনের বন্ধু। প্রথম জন অভিনেতা, দ্বিতীয় জন প্রযোজক। একই পেশার দুই বন্ধু মুখোমুখি মানেই আড্ডা।

Advertisement

সেই আড্ডা কি বাংলা ছবিতে অনুপম খেরকে আনতে চলেছে? ‘‘কথা যে হয়নি, তা নয়। তবে পাকা কথা কিছুই হয়নি। আগামী দিনে কোনও বাংলা ছবিতে দর্শক অনুপমজিকে দেখতেও পারেন।’’

আড্ডার শুরুটা কিন্তু নিছক বৈঠকি। প্রযোজকের স্ত্রী কেমন আছেন? প্রযোজকের মেয়ে কী করছেন? কুশল বিনিময়ের পরেই ধীরে ধীরে গল্পের আসরে বাংলা ছবির প্রবেশ। ফিরদৌসলের কথায়, ‘‘অনুপমজি আগে বাংলা ছবি করেছেন। প্রোডাকশন সামলেছেন। বাংলা ছবির বাজার ওঁর অজানা নয়। ফলে, ওঁর আগ্রহ আছেই।’’ অনুপম রাজি হলে কী ধরনের ছবি বানাবেন প্রযোজক? জবাবে তিনি জানিয়েছেন, আড্ডায় অবশ্যই কাজ নিয়ে কথা হয়েছে। তার মানে এটা নয়, সব ঠিক হয়ে গিয়েছে। সে রকম কিছু আগে হোক। তার পর তিনি ছবির বিষয়, ছবিতে অনুপমের চরিত্র ইত্যাদি নিয়ে ভাববেন।

Advertisement

এ দিকে টলিউডে গুঞ্জন, অনুপম খের আর আবীর চট্টোপাধ্যায় নাকি এক ছবিতে অভিনয় করবেন! ‘‘ভুল খবর ছড়িয়েছে’’, দাবি প্রযোজকের। ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর পর তিনি আবার আবীরের সঙ্গে কাজের জন্য যে মুখিয়ে আছেন, তা জানাতে ভোলেননি। প্রসঙ্গত, বিশেষ কারণে অনীক দত্তের এই ছবির প্রচারে যোগ দিতে পারেননি আবীর। তা-ই নিয়ে গত পুজোয় বাংলা ছবির বাজার সরগরম। সে কথা মনে করাতেই প্রযোজক তা নস্যাৎ করেছেন। বলেছেন, ‘‘গত বছরের সমস্যা গত বছরেই মিটে গিয়েছে। আবার আমরা কাজ করব।’’ তবে অনুপম-আবীর এক ছবিতে কাজ করবেন কি না, সেই সম্ভাবনা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন প্রযোজক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement