New Film Of Dulal Dey

গোয়েন্দা ‘অরণ্য’ নয়, আসছে রাজনৈতিক থ্রিলার! এ বার দুলালের ‘ফাঁদ’-এ জড়িয়ে গেলেন কুণাল ঘোষ?

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, দ্বিতীয় ছবি নিয়ে ভাবছেন তিনি। এমনও শোনা যাচ্ছিল, ‘স্পোর্টস ড্রামা’ পরিচালনার কথা ভাবছেন দুলাল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০
Share:

নতুন ছবিতে ইশা সাহা, সুহোত্র মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী। ছবি: ফেসবুক।

পরিচালক দুলাল দে-র প্রথম ছবি নতুন গোয়েন্দা ‘অরণ্য’র জন্মদাতা। দ্বিতীয় ছবি সিক্যুয়েল হবে, এমনই ধারণা ছিল টলিউডের। কিন্তু সেটা যে হচ্ছে না! ‘অরণ্য’কে ফিরিয়ে না এনে পরিচালক রাজনৈতিক থ্রিলার উপহার দিতে চলেছেন। ছবির নাম ‘ফাঁদ’। আনন্দবাজার ডট কম-কে এ খবর জানিয়েছেন পরিচালক নিজে।

Advertisement

রকমারি ফাঁদ পাতা ভুবনে, কখন কে ধরা দেয় কে জানে! প্রেমের মাসে হঠাৎ গুরুগম্ভীর বিষয় নিয়ে ছবি তৈরির ঘোষণা কেন? সামনে বিধানসভা নির্বাচন। দুলাল কি আগাম গা ঘামাচ্ছেন? আনন্দবাজার ডট কম-এর প্রশ্নের জবাবে দুলাল প্রথমে রসিকতা করেছেন। বলেছেন, “আমার শুটিং শুরু হতে হতে ভ্যালেনটাইন্স ডে চলে যাবে। ছবি মুক্তি পেতে পেতে বিধানসভা নির্বাচনও শেষ।” তাই তিনি এমন একটি বিষয় ভেবেছেন, যা সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ। পরিচালকের যুক্তি, “বাঙালির বাড়ি থেকে রাজনীতি শুরু। রকের আড্ডা, স্কুল-কলেজ হয়ে পেশাজীবন, এমনকি মৃত্যুর আগে পর্যন্ত রাজনীতির শিকার কমবেশি সবাই। সেই জায়গা থেকে আমার এই ছবি।”

ছবিতে তিনটি যুগকে জু়ড়তে চলেছেন পরিচালক। অভিনয়ে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, সুহোত্র মুখোপাধ্যায় এবং কুণাল ঘোষ। ছবিতে রাজনীতি বলেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল? একেবারেই নয়, জানিয়েছেন পরিচালক। এ-ও জানিয়েছেন, তাঁর ছবিতে কুণালকে কোনও রাজনৈতিক চরিত্রে দেখবেন না দর্শক। খবর, ছবিতে কংগ্রেস, বাম আমল হয়ে বর্তমান শাসকদলও নাকি ধরা দিতে চলেছে! বিরোধী দল বিজেপি থাকবে না? পরিচালকের মতে, “সবই এখন বলে দিলে দর্শক ছবি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন কেন! কিছু রহস্য ছবিমুক্তির জন্য তোলা থাক।” তবে সব বয়সের, সব প্রজন্মের দর্শক এই ছবির চরিত্রদের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাবেন, সে বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।

Advertisement

দুলাল দে-র ছবিতে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী। ছবি: ফেসবুক।

মার্চের শেষ থেকে হয়তো ছবির শুটিং শুরু হবে। এ বছরের বাংলা সিনে ক্যালেন্ডারে নিজের ছবির নাম দেখতে আগ্রহী দুলাল। পাশাপাশি, বাংলা ছবিতে রাজনীতি তুলনায় কম উঠে এসেছে। এই ধরনের ছবিতে অভিনয় প্রসঙ্গে কী বলছেন বাকি অভিনেতারা? অনির্বাণ বরাবর নিজেকে ভাঙতে ভালবাসেন। নিজের চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ তিনি। তবে তাঁকে দর্শক অন্য রূপে দেখতে চলেছে, সে কথা জানাতে ভোলেননি। তাই গল্প শুনে ‘না’ করেননি। একই ভাবে ইশাও অনেক দিন আগে গল্পটি শুনেছিলেন। তিনিও এককথায় রাজি। দুলালের দ্বিতীয় ছবি প্রসঙ্গে শোনা গিয়েছিল, তিনি নাকি ‘স্পোর্টস ড্রামা’ আনবেন। প্রসঙ্গ তুলতেই পরিচালকের জবাব, “এই প্রজন্মকে ধরে গল্প এগোবে। সম্ভবত সেই কারণেই এই ধরনের গুঞ্জন ছড়িয়েছে।” পরিচালকের আগাম আভাস, শুধুই রাজনীতি নয়, প্রেম, সম্পর্ক, কলেজজীবন— সব উঠে আসবে সেখানে।

নিজেদের অভিনীত চরিত্র না ভাঙলেও ছবি নিয়ে আশাবাদী ঋত্বিক, অর্জুন, সুহোত্র, ইশা। যেমন, সুহোত্র। অভিনেতা দুলালের প্রথম ছবি ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিতে তিনি খেলোয়াড়ের ভূমিকায়। তাঁর চরিত্র সম্পর্কে জানতে চাইতেই অভিনেতা বললেন, “ছোটবেলায় নিয়মিত খেলাধুলো করেছি। পর্দায় এই ভূমিকায় প্রথম। আশা, দর্শকদের ভাল লাগবে।” ছবিতে প্রথম জুটি অর্জুন-ইশা-সুহোত্র। সে প্রসঙ্গ তুলতেই অর্জুনের দাবি, “আমার আর ইশার জুটি দর্শক পছন্দ করেন। আমাদের সঙ্গে এ বার সুহোত্রও রয়েছে। আমরা আলাদা ভাবে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কাজ করেছি। এই প্রথম সবাই এক ছাদের নীচে।” তা হলে কি ত্রিকোণ প্রেম? অভিনেতার মতে, ত্রিকোণ কি না জানেন না তিনি। তবে টানাপড়েন হয়তো থাকবে।

রাজনীতি যখন বঙ্গজীবনের অঙ্গ, তা হলে দুলালও নিশ্চয়ই রাজনীতির শিকার হয়েছেন? তিনিও কি এ বিষয়ে আগ্রহী? পরিচালকের কথায়, “পেশাজীবনে কখনও সমস্যায় পড়িনি, এমন নয়। কর্মজীবনকে সুরক্ষিত রাখতে বুদ্ধি খাটিয়ে বাধা এড়াতে হয়। তাকে যদি রাজনীতি বলেন, তা হলে আমিও রাজনীতি করি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement