সম্পত্তি বাড়াচ্ছেন সেলিম খানের মেজ ছেলে আরবাজ় খান। ছবি: সংগৃহীত।
অসুস্থ সেলিম খান। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। উদ্বেগে গোটা বলিউড। পরিবারে টালমাটাল অবস্থা। এর মধ্যেই নতুন বাড়ি কিনে ফেললেন সেলিম খানের কনিষ্ঠ পুত্র আরবাজ় খান। মুম্বইয়ের যোগেশ্বরী এলাকায় নতুন বাসস্থান কিনলেন তিনি। দাম ২.৭৮ কোটি টাকা!
জানা যাচ্ছে, ২৭ তলা আবাসনে আরবাজ়ের ফ্ল্যাট। সেটি আয়তনে ১২৪৩ বর্গফুট। বিলাসবহুল এলাকায় এই বাড়িটির নীচে রয়েছে দু’টি পার্কিং স্পেস। গত ১৭ ফেব্রুয়ারি এই ফ্ল্যাটটি কেনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন আরবাজ়। ১৬ লক্ষ টাকার একটি স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ খরচ করেছেন তিনি।
উল্লেখ্য, গত বছর আরবাজ়ের পরিবার বেড়েছে। ৫ অক্টোবর দ্বিতীয় বার বাবা হয়েছেন অভিনেতা তথা প্রযোজক। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় আরবাজ়-মলাইকা অরোরার। এর পর লম্বা সময় একাই ছিলেন। ২০২৩ সালে রূপটানশিল্পী সুরা খানকে বিয়ে করেন অভিনেতা। বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গে দেন সুখবর। কন্যাসন্তানের বাবা-মা হন দম্পতি।
এ দিকে, গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বাবা সেলিম খান। চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি। তাঁরা আশ্বস্ত করে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হলেও তার পরিমাণ খুবই সামান্য। অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। তবে তাতেও উদ্বেগ কমেনি বলিউডের তারকাদের। হাসপাতালে সেলিম খানকে দেখতে এসেছিলেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, মলাইকা অরোরা।