Tasina Farin And Her Life

তারকা নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই বড় বিষয়, পাশাপাশি চরিত্রে নতুনত্বও খুঁজি: তাসনিয়া

কথা ছিল, দেবের ‘প্রজাপতি ২’-তে অভিনয় করবেন। সেই কাজ হয়নি। এ বছরের শীতে অভিনেতার ‘টনিক ২’ মুক্তি পাওয়ার কথা। তাসনিয়া অভিনয় করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮
Share:

কলকাতায় কবে আসবেন তাসনিয়া ফারিণ? ছবি: ফেসবুক।

ছিমছাম, মধ্যবিত্ত পরিবারের প্রতিনিধি। যেন ‘পাশের বাড়ির মেয়ে’। পর্দায় তাসনিয়া ফারিণ এ রকমই। সেই তিনিই জৌলুসে ঝলমলে ‘প্রিন্স’ ছবিতে! শাকিব খানের বিপরীতে প্রথম তিনি। এর পরেই কি দেবের নায়িকা?

Advertisement

কথা ছিল, দেবের ‘প্রজাপতি ২’-তে অভিনয় করবেন তাসনিয়া। নানা সমস্যায় সেই কাজ হয়নি। এ বছরের শীতে অভিনেতার ‘টনিক ২’ মুক্তি পাওয়ার কথা। দেব ডেকেছেন তাসনিয়াকে? অভিনয় করবেন?

শ্রীলঙ্কার অংশের শুটিং শেষ করে নায়িকা এখন বাংলাদেশে। আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তাসনিয়ার কথায়, “দেখুন, কলকাতায় কাজ করার ইচ্ছা আমারও। কথাও হচ্ছে অনেকের সঙ্গে। পাকাপাকি কিছু ঠিক না হলে জানাতে ভয় করে। গত অভিজ্ঞতা দারুণ শিক্ষা দিয়েছে।” তাই দেব যদি ডাক পাঠিয়েও থাকেন, এখনই সে প্রসঙ্গে জানাতে নারাজ তিনি। “আমার অনুরাগীরা ভাল খবর পেলে খুব আশা করে থাকেন। কোনও কাজ বাতিল হয়ে গেলে কষ্ট পান। আমি তাঁদের কষ্ট দিতে চাই না।” এমনকি যাঁর সূত্রে কলকাতায় প্রথম পা রাখা, সেই পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবির শুটিং কবে শুরু হবে, সে খবর পর্যন্ত এখনই জানাতে চান না!

Advertisement

তাসনিয়া তাই আপাতত ‘প্রিন্স’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। শাকিব খানের বিপরীতে বলেই রাজি হয়েছিলেন? “সেটাই একমাত্র কারণ নয়”, দাবি তাঁর। তাসনিয়ার যুক্তি, “তারকা নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই বড় বিষয়। আমি তার পরেও আমার চরিত্রের গুরুত্ব দেখি। নতুনত্ব কী পাচ্ছি, বুঝে নিই। তার পর রাজি হই।” ‘প্রিন্স’-এ অভিনীত চরিত্রটি নায়িকাকে নিংড়ে নিয়েছে। “এই প্রথম সম্পূর্ণ বিনোদনধর্মী চরিত্রে অভিনয় করছি। আপনারা যাঁকে গ্ল্যামারাস বলেন। তার উপরে প্রচুর স্তর। নব্বইয়ের দশক উঠে আসবে ছবিতে। অথচ আমি ওই সময়ে জন্মাইনি। তা ছাড়া, প্রত্যেক দৃশ্যে আমার চরিত্রটি বদলাতে বদলাতে এগোবে। এত কিছু একটি চরিত্রে পেলে কোন অভিনেত্রী না খুশি হন!” ছবিতে তাই দ্বিতীয় নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু থাকলেও তাসনিয়া ‘হ্যাঁ’ বলতে দু’বার ভাবেননি।

খবর, ‘প্রিন্স’-এ নায়কের সঙ্গে পাল্লা দিয়ে তাসনিয়া অ্যাকশন করেছেন? ভাঙতে রাজি নন নায়িকা। তা হলে যে তাঁর অভিনীত চরিত্র ফাঁস হয়ে যাবে! হাসতে হাসতে জানিয়েছেন নায়িকা। আর পরিবার পরিকল্পনা? চলতি বছরের অগস্টে তাঁর বিয়ের তিন বছর। প্রশ্ন শুনে নায়িকা সাফ বললেন, “একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নই।” এ-ও জানাতে ভোলেননি, আপাতত কাজের বাইরে অন্য কোনও বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement